হেলসিঙ্কি: সঙ্গীর খোঁজ করছেন? কিছুতেই মনের মানুষের হদিশ মিলছে না? সেই প্রেমের খোঁজ যদি মেলে বিশ্বের সবথেকে হাশিখুসি দেশ ফিনল্যান্ডে? ভ্রমণ আর খাওয়াদাওয়ার মাঝেই চলবে এই সন্ধান। পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে। আগামী ফেব্রুয়ারি মাসে এমনই অভিনব সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড। সৌজন্যে সেদেশের ট্যুরিজম বোর্ড, ‘ভিজিট ফিনল্যান্ড’।
সম্প্রতি ‘ফিনিশ ডিনার ডেট’ নামে একটি উদ্যোগ চালু করেছে ফিনল্যান্ডের ট্যুরিজম বোর্ড। বিশ্বের মোট ১৬ জন ‘সিঙ্গল’ এই সুযোগ পাবেন। ফিনল্যান্ডে এসে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন অংশগ্রহণকারীরা। সঙ্গে থাকবে জিভে জল আনা স্থানীয় খাবার। এসবের মাঝেই মনের মানুষটির সন্ধানও মিলতে পারে। আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি হেলসিঙ্কি ও তাম্পেরেতে প্রেমের খোঁজ করবেন প্রতিযোগীরা।
কীভাবে আবেদন করা যাবে? এর জন্য ইংরাজিতে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিয়ো বানাতে হবে। সেখানে অবশ্যই বলতে হবে, মনের মানুষের সঙ্গে ডিনার ডেটে গিয়ে তাকে কোন খাবার পরিবেশন করতে চান। পছন্দের কারণও ব্যাখ্যা করতে হবে। এরপর সেই ভিডিয়ো টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করতে হবে। হ্যাশট্যাগ হিসাবে লিখতে হবে ফিনিশ ডিনার ডেট। বিমান ভাড়া, থাকা-খাওয়া সহ যাবতীয় খরচ বহন করবে ট্যুরিজম বোর্ড। ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন জানানো যাবে। ১০ নভেম্বর ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ পর্যন্ত ভিডিয়ো আপলোড করার সুযোগ মিলবে। তবে ফিনল্যান্ডের নাগরিক হলে এই ‘ব্লাইন্ড’ ডিনার ডেটে শামিল হওয়া যাবে না। ১ ডিসেন্বর ১৬ জন বিজয়ী সিঙ্গলের নাম ঘোষণা করবে ভিজিট ফিনল্যান্ড।
প্রতিযোগীরা ফিনল্যান্ডের সিঙ্গল লোকজনের সঙ্গে মিশতে পারবেন। খাবারের মেনু তৈরির দায়িত্বে থাকবেন দেশের সেরা রাঁধুনিরা। প্লেটে থাকবে ওয়াইল্ড ফিশ, বেরি সহ হরেক রকমের সুস্বাদু পদ। তার মাঝেই চলবে দেদার আড্ডা। আর সেই আড্ডার ফাঁকে প্রেমের সন্ধান পেয়ে গেলেই মিশন কমপ্লিট!



