Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই বর্ধমানে উৎসবের মেজাজ, মণ্ডপে ভিড়

কাউন্টডাউন শেষ। উৎসবের আনন্দে ভাসল বাংলা। তৃতীয়ার সন্ধ্যা থেকেই শহরের প্রতিটি মণ্ডপ আলোর রোশনাইয়ে ভাসছে। ঘর থেকে বেরিয়ে পড়ল উৎসবপ্রিয় বাঙালি।

দুই বর্ধমানে উৎসবের মেজাজ, মণ্ডপে ভিড়
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল: কাউন্টডাউন শেষ। উৎসবের আনন্দে ভাসল বাংলা। তৃতীয়ার সন্ধ্যা থেকেই শহরের প্রতিটি মণ্ডপ আলোর রোশনাইয়ে ভাসছে। ঘর থেকে বেরিয়ে পড়ল উৎসবপ্রিয় বাঙালি। বর্ধমান শহর থেকে কালনা, দুর্গাপুর-আসানসোল সহ সর্বত্রই সন্ধ্যা থেকে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গেল। পিছিয়ে নেই গ্রামীণ এলাকাগুলিও। দর্শনার্থীদের উৎসাহ দেখে উদ্যোক্তাদের মুখে চওড়া হাসি ফুটেছে। তবে শুধু পুজো দেখা নয়, বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা থেকে পার্লারগুলিতে ঠাসা ভিড় ছিল। মেকআপ না করে টিনএজাররা পথে নামতে আগ্রহী নয়। ঠিকমতো সেলফি ওঠা চাই। 

Advertisement

প্রতি বছরের মতো এবারও বর্ধমান শহরে চমক দিয়েছে লাল্টু স্মৃতি সঙ্ঘ। মণ্ডপে আলোর কাজ দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে। বাদামতলাতেও রয়েছে আলোর কারুকার্য। এই পুজো কমিটির থিম পঞ্চপ্রদীপ। সুভাষ অ্যাথলেটিক ক্লাবের থিম নীলগিরির আতঙ্ক। খড়্গেশ্বরপল্লি উন্নয়ন সমিতি তৈরি করেছে ‘দুই পৃথিবী’। ‘ভূতের আড্ডা’ দেখতে গোলাহাটে দর্শকদের ঢল নামে। শহিদ নিবাস স্মৃতি সঙ্ঘের থিম ‘মাটির ঘরে মা’। 
থিম আর আলোকসজ্জায় মাতোয়ারা শিল্পাঞ্চলও। বুধবার রাত থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের ভিড় দেখা যায়। এদিন পুজো দেখার ভিড় আরও বেড়েছে। আসানসোল ও দুর্গাপুর কার্যত উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। এদিনও ভার্চুয়ালি জেলার ন’টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের রাধানগর রোড অ্যাথেলেটিক ক্লাবের পুজো মণ্ডপে হাজির ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পোন্নমবলম এস ও পুলিস কমিশনার সুনীল চৌধুরী। দুর্গাপুরের অগ্রমণি, বারাবনির পানুরিয়া বাজার, পাণ্ডবেশ্বরের নামুপাড়া আদিবাসীবৃন্দ, অণ্ডাল পঞ্চায়েতপাড়া মহিলা সর্বজনীন, জামুড়িয়ার লোয়ার কেন্দা কোলিয়ারির পুজো সহ মোট ন’টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 
বুধবার রাত থেকে বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। প্রতিটি বড় পুজো মণ্ডপেই মায়ের প্রতিমা চলে এসেছে। দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। স্কুলে ছুটি পড়ে যাওয়ায় পড়ুয়াদের ম঩ধ্যেও বাড়তি উৎসাহ দেখা গিয়েছে। এদিন আসানসোল, বার্নপুর বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যাপক ভিড় দেখা যায়। ব্যাগ ভর্তি করে মানুষজন বাজার থেকে বের হন। শপিং মল ও প্রসাধনীর দোকানগুলিতে ব্যাপক ভিড় দেখা গিয়েছে। কুলটির বরাকর, নিয়ামতপুরে রাস্তায় মানুষের ঢল নামে। তেমনই পাণ্ডবেশ্বর, হরিপুর, লাউদোহা এলাকাতেও পুজো মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়েছে। তারমধ্যেই অনেকে ভিড় জমিয়েছেন। দুর্গাপুরে মন্ত্রী প্রদীপ মজুমদার থেকে তারকা এমপি কীর্তি আজাদ একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন করে চলেছেন। আজ শুক্রবার পুজোর আগে শেষ সরকারি অফিস। বেনাচিতি, সিটি সেন্টার, বিধাননগর, স্টেশন বাজারে ব্যাপক ভিড় দেখা যায়। অনেকে পুজোর ছুটিতে উত্তরবঙ্গ বা কেরল সহ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেকারণে আগেভাগে মণ্ডপ ও প্রতিমা দেখতে সপরিবারে বেরিয়ে পড়েছেন। পুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতে দুই জেলাজুড়ে কড়া পুলিসি নিরাপত্তা রয়েছে।  বর্ধমানের পালপাড়ায় ‘গাছ বাঁচাও প্রাণ বাঁচাও’ থিমে সেজে উঠছে দুর্গা প্রতিমা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ