Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতের নির্দেশে ফেডারেশন-পরিচালকদের বৈঠক

ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে বেশ কয়েক মাস ধরেই চাপানউতোর অব্যাহত। আগস্টের পয়লা তারিখেই ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্বে নতুন মোড়।

আদালতের নির্দেশে ফেডারেশন-পরিচালকদের বৈঠক
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে বেশ কয়েক মাস ধরেই চাপানউতোর অব্যাহত। আগস্টের পয়লা তারিখেই ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্বে নতুন মোড়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবের উপস্থিতিতে শুক্রবার দুপুরে রবীন্দ্র সদনে বৈঠকে বসেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং মামলাকারী পরিচালকেরা। মামলাকারী পরিচালকদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, বিদুলা ভট্টাচার্য সহ আরও অনেকে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবের উপস্থিতিতে দু’পক্ষের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে অনির্বাণ বলেন, ‘সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশেই বৈঠক হয়েছে। যেসব বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল সেগুলি ধীরে ধীরে সদর্থক সমাধানের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে।’ ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘এদিন মহামান্য আদালতের নির্দেশে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবের উপস্থিতিতে আমরা আলোচনায় বসেছিলাম। সদর্থক আলোচনা হয়েছে। প্রধান সচিব আমাদের একটি সমাধানের উপায় বলেছেন। আমরা সেটা আলোচনা করব।’ এই বৈঠকের পর পরিচালকরা কি মামলা প্রত্যাহার করবেন? এ প্রসঙ্গে বিদুলা বলেন, ‘মামলা প্রত্যাহারের প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অনেকেই বলেছেন যে মামলা কেন, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত। অবশেষে আজ বৈঠক হল। আমরা ঠিক এই আলোচনাটাই চেয়েছিলাম। আশা করছি ভালো কিছুই হবে।’ আদালতের পরবর্তী শুনানিতে শুক্রবারের বৈঠকের রিপোর্ট জমা দেওয়া হবে। সেই শুনানির দিকেই নজর রয়েছে সকলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ