Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বামেদের পুরসভা অভিযান, আইএসএফ-এর মিছিল, জোড়া কর্মসূচি ঘিরে ভোগান্তির আশঙ্কা!

এসআইআরের বৈধতার প্রশ্নে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়ছে দেশজুড়ে।

বামেদের পুরসভা অভিযান, আইএসএফ-এর মিছিল, জোড়া কর্মসূচি ঘিরে ভোগান্তির আশঙ্কা!
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের বৈধতার প্রশ্নে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়ছে দেশজুড়ে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। বাম, কংগ্রেসের পর এই দাবিতে আজ, মঙ্গলবার পথে নামছে আইএসএফ। আর এদিনই কলকাতা পুরসভা অভিযান রয়েছে বামেদের। জোড়া রাজনৈতিক কর্মসূচির কারণে আজ শিয়ালদহ থেকে ধর্মতলা চত্বর যানজটে নাকাল হতে পারে। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড চলবে। তাই কাজের দিনে আম জনতার দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে রাস্তায় যানবাহন সচল রাখতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, পরিস্থিতি অনুযায়ী শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হতে পারে একাধিক রাস্তা। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থাও করবে ট্রাফিক পুলিশ।

Advertisement

আজ দুপুর ১টা থেকে আইএসএফের রাজনৈতিক কর্মসূচি শুরু হওয়ার কথা। উপস্থিত থাকতে পারেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আইএসএফ জানিয়েছে, দুপুর ১টায় তারা একটি পদযাত্রার ডাক দিয়েছে। এসআইআর করে বেআইনিভাবে ভোটার লিস্ট থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামছে তারা। কলকাতা পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ থেকে মৌলালি ক্রসিং হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলায় এসে পৌঁছাবে সেই মিছিল। মিছিলে প্রায় ২ হাজার লোক হতে পারে বলে অনুমান পুলিশের। ১টায় মিছিল শুরু হলে শিয়ালদহ, মৌলালি, এস এন ব্যানার্জি রোড থেকে ধর্মতলা পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিকল্প পথ হিসাবে শ্যামবাজার-মানিকতলা থেকে আসা সমস্ত গণপরিবহণ সহ অন্যান্য যানবাহন এম জি রোড দিয়ে কলেজ স্ট্রিট হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। মিছিলটি মৌলালি পার করে গেলে ফের এ জে সি বোস রোড যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এস এন ব্যানার্জি রোডের বিকল্প হিসাবে ক্রিক রো ব্যবহার করতে পারবে ছোটো গাড়িগুলি। 
লালবাজার জানিয়েছে, মিছিল শেষ হতে না হতেই আরও একটি কর্মসূচি রয়েছে ধর্মতলা চত্বরে। বামফ্রন্টের তরফে বিকাল ৩টে নাগাদ বিভিন্ন ইস্যুতে কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলটিও শিয়ালদহ থেকে শুরু হবে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে খবর। সেক্ষেত্রে মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জি রোড হয়ে কলকাতা পুরসভার গেটের কাছে শেষ হতে পারে মিছিল। সেখানে বিক্ষোভও দেখাতে পারে বামেরা। পুলিশের অবশ্য দাবি, রাস্তা আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ হলে আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা প্রয়োজনে হস্তক্ষেপ করবে। এই মিছিলের ফলেও শিয়ালদহ থেকে ধর্মতলা চত্বরে ব্যাপক যানজট তৈরি হতে পারে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, আজকের জন্য শিয়ালদহ থেকে ধর্মতলা রুটে বাড়তি ফোর্স মোতায়েন করা হবে। বিকল্প রুট নিয়ে স্থানীয় ট্রাফিক গার্ডের আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। যানজট কমাতে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে লালবাজার।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ