Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস চাঁচল থেকে উঠে যাওয়ার আশঙ্কা, বিক্ষোভ

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস চাঁচল থেকে উঠে যাওয়ার আশঙ্কা, বিক্ষোভ
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: চাঁচল থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস উঠে যাচ্ছে! সামাজিক মাধ্যমে এমন কথা ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচলেই  দপ্তর বহাল রাখার দাবিতে সরব হয়েছেন এলাকার যুব সমাজ। শনিবার অফিসের সামনে বিক্ষোভ দেখান বেকার যুবকরা। ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস বাঁচাও, বেকারদের ভবিষ্যত বাঁচাও’ প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন হয়। যদিও দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভবনটি সংস্কার হবে। অফিস উঠে যাওয়ার কোনও ব্যাপারই নেই। চাঁচলেই দপ্তর থাকবে।

Advertisement

চাকরি ক্ষেত্রে এলাকার বেকার যুবক যুবতিদের নথিভুক্তকরণ, কর্মসংসস্থানের তথ্য প্রদান, বেকার ভাতা সহ বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করা হয়ে থাকে এই অফিস থেকে। চাঁচল সদরের নেতাজি মোড়ে রায়তি জমিতে ভাড়া নিয়ে সেই অফিস ১৯৮৬সালে চালু হয়। বিক্ষোভকারীদের আশঙ্কা, মালিকপক্ষ সেই অফিসটি তুলে দিতে চাইছে। 
নওয়াজ শরিফ নামে এক বিক্ষোভকারী যুবকের অভিযোগ, আমরা শুনেছি অফিস ভবনটি ভেঙে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এখানে এই অফিস না থাকলে আমরা কর্মসংস্থানের কোনও খোঁজ পাব না। বিক্ষোভকারী ইমরুল কয়েশ এবং বাপি আলি বলেন, এই অফিস থেকে আমরা চাকরির সন্ধান পাই। কর্মক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে থাকি। অফিস ভবন সংস্কারের নামে তা তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে আমাদের আশঙ্কা। চাঁচল থেকে এই অফিস তুলে নেওয়া হলে বৃহত্তর আন্দোলন হবে।
যদিও এই চাঁচল এক্সচেঞ্জ অফিসের আধিকারিক পাশাং নরবু শেরপা বলেন,  জমির মালিক কর্তৃপক্ষ পুরনো ভবনটি সংস্কারের আর্জি জানিয়েছেন। অফিস তুলে নেওয়ার কোনও কথা হয়নি। দপ্তরের তরফেও এনিয়ে নির্দেশিকা পাওয়া যায়নি। মালিক কর্তৃপক্ষের মধ্যে একজন সৈয়দ মতিউর রহমান বলেন, অফিস তুলে দেওয়ার জন্য লিখিত কিছু বলা হয়নি। সংস্কারের প্রয়োজন তাই অন্য কোথাও আপাতত ভাড়া দেখতে বলা হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ