Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিষ্ণুপুরে টাটার কারখানায় ঝাঁপ বন্ধের আশঙ্কা, আজ আসছেন শিল্পপ্রতিমন্ত্রী

বিষ্ণুপুরে টাটার কারখানায় কাজ নেই। একের পর এক কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে

বিষ্ণুপুরে টাটার কারখানায় ঝাঁপ বন্ধের আশঙ্কা, আজ আসছেন শিল্পপ্রতিমন্ত্রী
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে টাটার কারখানায় কাজ নেই। একের পর এক কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। ঝাঁপ বন্ধের আশঙ্কায় কর্মীদের উদ্বেগ বেড়েছে। এই অবস্থায় আজ, শুক্রবার বিষ্ণুপুরে আসবেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পতালুকে অবস্থিত টাটা স্টিল লিমিটেডের একটি স্টিল কারখানা রয়েছে। প্রায় এক বছর ধরে এই কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সিংহভাগ ঠিকা কর্মীর কাজ নেই। এছাড়াও কোম্পানির স্থায়ী কর্মীদের অধিকাংশকেই অন্যত্র পাঠানো হয়েছে। এই অবস্থায় ধীরে ধীরে কারখানার ঝাঁপ গুটিয়ে নেওয়ার আশঙ্কা করছেন কর্মীরা। বিষ্ণুপুরের বিধায়ক সম্প্রতি বাজেট অধিবেশনে এই বিষয়টি উত্থাপন করেন। তার পরিপ্রেক্ষিতেই শিল্প প্রতিমন্ত্রী বিষ্ণুপুরে আসবেন। 

Advertisement

বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায় বলেন, বিগত সরকারের আমলে রাজ্যে শিল্পের বারোটা বেজে গিয়েছে। বিষ্ণুপুরের দ্বারিকায় টাটার কারখানাতেও এক বছর আগে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সরকার শিল্পের উন্নয়নে সবরকম সহযোগিতা করবে। টাটার ম্যানেজমেন্টকে সেই আশ্বাস দেওয়া হবে। সম্প্রতি বিষয়টি বিধানসভায় বাজেট অধিবেশনে উত্থাপন করেছিলাম। শিল্পমন্ত্রী যাতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন সে ব্যাপারে আর্জি জানানো হয়েছিল। শিল্প প্রতিমন্ত্রী আসছেন। তিনি টাটার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি দ্বারিকা শিল্প তালুকে সরকারের অধীনে প্রচুর জমি রয়েছে। অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। নতুন করে সেখানে আরও কারখানা স্থাপন করা যায় কি না, সে ব্যাপারেও আলোচনা হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে বিষ্ণুপুর শহরের অদূরে দ্বারিকায় সরকারি উদ্যোগে একটি শিল্প তালুক স্থাপন করা হয়। সেই সময় স্পঞ্জ আয়রণ, সিমেন্ট সহ বিভিন্ন ধরনের প্রায় আটটি কারখানা চলত। কয়েক হাজার মানুষ সেখানে কাজ করত। লোকজনের ভিড়ে গোটা এলাকা গম গম করত। তৃণমূল কংগ্রেসের আমলে ধাপে ধাপে প্রায় সব কারখানার ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। ২০২২ সালে অন্য কোম্পানির একটি বন্ধ হয়ে যাওয়া ইউনিটকে টাটা স্টিল লিমিটেড নতুন করে চালু করে। তাতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ১২০০ কর্মী কাজ করছিলেন। কিন্তু, আড়াই বছরের মধ্যেই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ঠিকা কর্মীরা কাজ হারান। কোম্পানির স্থায়ী কর্মীর সিংহভাগকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে গুটি কয়েক কর্মী কারখানায় বিভিন্ন ধরনের কাজ করছেন। কর্মীদের আশঙ্কা, কারখানাটি বন্ধ করার পরিকল্পনা চলছে। এই অবস্থায় আজ, শুক্রবার রাজ্যে শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বিষ্ণুপুরে আসছেন শুনে কর্মীমহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ