Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকল স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে থমকে গেল পরিষেবা

নর্থ-সাউথ মেট্রো রুটে প্রায়ই পরিষেবায় বিঘ্ন ঘটে।

বিকল স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা  ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে থমকে গেল পরিষেবা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থ-সাউথ মেট্রো রুটে প্রায়ই পরিষেবায় বিঘ্ন ঘটে। এবার এই রোগের ছোঁয়াচ লাগল ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। মঙ্গলবার ব্যস্ত সময়ে কারিগরি সমস্যার জেরে এই রুটের একাংশে মেট্রো চলাচল বন্ধ থাকল প্রায় সওয়া এক ঘণ্টা। মেট্রো সূত্রের খবর, এদিন বিকেল ৪টে ১৬ মিনিটে সেন্ট্রাল পার্ক স্টেশনে সিগন্যাল বিভ্রাটের কারণে যাত্রী বোঝাই মেট্রো দাঁড়িয়ে যায়। এই করিডরে মেট্রো চলাচল করে অত্যাধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থার মাধ্যমে। এক্ষেত্রে গোটা সিগন্যালিং ব্যবস্থাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হয়।

Advertisement

 বিশ্বের তাবড় তাবড় দেশে এই পদ্ধতিতেই মেট্রো চলাচল করে। কলকাতা মেট্রোর কর্তারা দাবি করেছিলেন, সিবিটিসি ব্যবস্থায় আগামী দিনে দেশে প্রথম নদীর নীচে দিয়ে চালকবিহীন মেট্রো ছুটবে। এদিন সেই গুরুত্বপূর্ণ সিগন্যাল ব্যবস্থাই কার্যত বসে যায়। থমকে যায় মেট্রোর চাকা। দুর্ভোগে পড়েন হাজার হাজার সাধারণ যাত্রী।উল্লেখ্য, এই স্টেশন থেকেই সিগন্যাল ব্যবস্থা গোটা রুটে পরিচালিত হয়। সিগন্যালের এই আঁতুরঘরই করিগরি সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। শেষমেশ ওই রেক থেকে যাত্রীদের নামিয়ে সেটি খালি করে দেওয়া হয়। এ নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায়। মেট্রোর কর্মী ও ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে আসেন। দীর্ঘসময় পর বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দানের মধ্যে বিক্ষিপ্ত রুটে মেট্রো চলাচল শুরু হয়। স্বভাবতই বেঙ্গল কেমিক্যাল থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে যাত্রী পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। রেলের দাবি, সাড়ে ৫টা নাগাদ সিগন্যাল সংক্রান্ত জটিলতা দূর হয়। শুরু হয় গোটা পথে মেট্রো চলাচল। যদিও যাত্রীদের দাবি, দীর্ঘসময় পরিষেবা বন্ধ থাকায় তা স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে যায়। যদিও কী কারণে এই দুর্ভোগ, তা স্পষ্ট করেনি মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ