• নতুন ছবির কাজ শুরু করছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভাণ্ডারকরের পরিচালনায় কাজ করবেন তিনি। শোনা যাচ্ছে, ছবির নাম ‘ওয়াইভস অব বলিউড’। থ্রিলার ড্রামা ঘরানার এই ছবির ঘোষণা হয়েছিল ২০২৪ সালে। সদ্য প্রকাশ্যে এল ফতিমার নাম। জানা গিয়েছে, ছবিতে একজন বলিউড স্টারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ক্যামেরার চাকচিক্যের আড়ালে বলি পাড়ার তারকার স্ত্রীয়ের জীবনযাপন কেমন হয়, তা নিয়ে এগবে ছবির গল্প। তবে ফতিমা ছাড়াও আরও বেশ কয়েকজন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন বলে খবর। তাঁদের কাস্টিং এখনও চূড়ান্ত নয়। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং। ২০২৬ সালের প্রথমার্ধে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমা। ‘লুডো’, ‘দঙ্গল’, ‘স্যাম বাহাদুর’-এর মতো ছবিতে ফতিমার অভিনয় তাক লাগিয়েছিল। এবার ‘পেজ থ্রি’ খ্যাত পরিচালক মধুরের পরিচালনায় তাঁর কাজ কতটা প্রশংশিত হয়, তা দেখার অপেক্ষায় ইন্ডাস্ট্রি।



