নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আচমকা বাবা মারা যান রবিবার। উচ্চ মাধ্যমিকের আগের দিন মাথায় আকাশ ভেঙে পড়ে দত্তপুকুরের তন্ময়ের। বাবার শেষকৃত্য সম্পন্ন করে সোমবার ভেজা চোখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তন্ময় নাগ। গায়ে জড়িয়ে সাদা থান। নিবাধুই হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পড়েছিল তন্ময়ের।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তন্ময়ের বাবা তপন নাগ। রবিবার দুপুরে আচমকা অবস্থার অবনতি হয়। বারাসত মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তাঁর। এদিন সাদা থান পরেই পরীক্ষা দিতে আসেন তন্ময়। বন্ধুরা প্রথমে অবাক হয়ে যায়। তন্ময় বলে, বাবা অসুস্থ ছিলেন ঠিকই। কিন্তু এভাবে চলে যাবেন ভাবতে পারিনি। রাতে শ্মশান থেকে ফিরে বইয়ে একটু চোখ বুলিয়েছি। বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। তন্ময়ের কাকা রতন নাগ এদিন ভাইপোর সঙ্গে এসেছিলেন।
এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় নির্বিঘ্নে মিটেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জয়নগর সরবেড়িয়া শতদল বালিকা বিদ্যালয়ে এক ছাত্রী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক তাঁকে পরীক্ষা হলে ঢুকতে না দেওয়ায় পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। অবশেষে সিভিক ভলান্টিয়ার সৌমিত্র সাহা রিয়া হালদার নামে ছাত্রীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসেন। তারপরই সে পরীক্ষায় বসতে পারে। হুগলি জেলায় প্রতীম হেমব্রম নামের এক পরীক্ষার্থী এদিন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে পরীক্ষা দেন। মেঘা দাস নামের আরেক পরীক্ষার্থী আরামবাগ হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন। নিজস্ব চিত্র