‘লোকগান শুধুমাত্র গান নয়, একটা বিষয়। এ গান গাইতে গেলে শুধু কন্ঠ নয়, চাই সেই বিষয়ের প্রতি একটা দরদি মন ও বিশেষ দায়বদ্ধতা’— বলছিলেন স্বপন বসু। লোকগান যাঁর প্রাণের আরাম। হাতে দোতারা, একতারা, ব্যাঞ্জো আর পরনে জিন্স, ডেনিম শার্ট। কেরিয়ারের শুরুর দিনগুলোতে এভাবেই মঞ্চে অনুষ্ঠান করতেন স্বপন। ভারত সরকারের নৃতত্ত্ব বিভাগের ফেলোশিপ নিয়ে উত্তর পূর্বাঞ্চল ও পূর্ব ভারতের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে গান সংগ্রহ করেছেন তিনি। উপলব্ধি করেছেন, গ্রাম বাংলার হাজার হাজার অজানা লোকগান কখনও একজায়গায় আবদ্ধ হয়ে থাকতে পারে না। তার ব্যাপ্তি বৃহত্তর জায়গায়। আজও তাঁর সঙ্গী লোকগান। এই দীর্ঘ যাত্রাপথে তাঁর হাত ধরেছেন কন্যা শিমলী। বেশ কিছুদিন ধরেই পিতা-পুত্রী একসঙ্গেই গানের পথে হাঁটছেন। ভাবনা রেকর্ডস-এর প্রযোজনায় আবার তাঁরা বিভিন্ন ধরনের লোকগান নিয়ে দর্শকের দরবারে হাজির হবেন আগামী ৩১ আগস্ট, রবীন্দ্র সদনে। স্বপন জানালেন, এই অনুষ্ঠান ব্যতিক্রমী। বাবা, মেয়ের যুগলবন্দি শ্রোতাদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস।



