নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ‘পিএম কিষান’ প্রকল্পের আওতাধীন কৃষকদের আগামী বৃহস্পতিবার ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পে আরও ২ হাজার টাকা করে দেবে শুভেন্দু অধিকারীর সরকার। এই উপলক্ষ্যে হুগলির পুরশুড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ‘পি এম কিষান’-এর আওতার বাইরে থাকা কৃষকদেরও ‘মুখমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত হয়েছে। ওই কৃষকদের একাংশকে ওই অনুষ্ঠানেই আর্থিক অনুদান দেওয়া হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। রাজ্যের প্রকল্পের আওতায় থাকা কৃষকদের যাচাই প্রক্রিয়া চলছে। যাদের যাচাই সম্পন্ন হয়ে যাবে, তাদের ওই দিনই আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা চলছে। বাকিদের দেওয়া হবে পরে। ‘পি এম কিষান’ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে বছরে তিন কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। কয়েকদিন আগে তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। জুন মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে রাজ্যের ‘পি এম কিষান’ প্রাপকদের বছরে মোট ৩ হাজার টাকা দেবে। ফলে তাঁরা সব মিলিয়ে বছরে মোট ৯ হাজার টাকা পাবেন। কেন্দ্রীয় সরকার যেহেতু এই বছরের দুটি কিস্তির টাকা দিয়েছে, তাই রাজ্য বৃহস্পতিবার তাদের ২ হাজার টাকা করে দিচ্ছে। কেন্দ্র তৃতীয় কিস্তি দেওয়ার পর রাজ্য সরকারের বাকি ১ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষক ‘পি এম কিষান’ প্রকল্পের আওতায় আছেন। রাজ্য সরকারের নিজস্ব অনুদানের প্রকল্পটিতে কৃষকদের নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে গত কয়েক মাস ধরে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পেও ৪৫ লক্ষের বেশি কৃষকের আবেদন জমা পড়েছে। রাজ্যের প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের আর্থিক অনুদান দেওয়া হবে। ৪০ শতক পর্যন্ত জমি থাকলে বছরে ৪ হাজার টাকা ও তার বেশি জমি থাকলে ৬ হাজার টাকা দেওয়া হবে। ‘পি এম কিষান’ প্রকল্পের আওতায় আসতে পারেন না নথিভুক্ত বর্গাদার, ভাগচাষিরা। তাঁরা রাজ্যের প্রকল্পের সুবিধা পাবেন। জমির পুরো মালিকানা থাকলে ‘পি এম কিষান’-এর সুবিধা পাওয়া যায়। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত জমির অধিকার থাকলে কৃষক পরিবারের একজন সদস্য অনুদান পাবেন। পরিবার বলতে এখানে স্বামী, স্ত্রী ও সন্তানদের বলা হয়েছে।



