সংবাদদাতা, তারকেশ্বর: ডাকাতিয়া খালের একধারে অবৈধভাবে বাঁধ দেওয়া হয়েছিল কয়েকজন প্রভাবশালী নেতার নেতৃত্বে। যেকারণে খালের অপরদিকের কৃষিজমি প্লাবিত হয়েছে। তাছাড়া দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ায় নাব্যতাও কমে গিয়েছে অনেকটা। অবিলম্বে ও বাঁধ ভেঙে দেওয়ার পাশাপাশি খাল সংস্কারের দাবিতে সোমবার জাঙ্গিপাড়া ব্লকের রাধানগর পঞ্চায়েতের অমরপুরে ৩১ নম্বর রাস্তা অবরোধ করলেন স্থানীয় কৃষকরা।
এদিন স্থানীয় চাষি শুভজিৎ সিংহ রায় ও শাহাবুদ্দিন মল্লিক বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত সামান্য বৃষ্টিতে এই এলাকার জমি ডুবে যেত না। ওই বছর স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা সিলমোহনা বলে একটি জায়গায় বাঁধ দিয়ে দেন। ফলে হরিপাল ব্লকের খেজুরিয়া, ঝাউতলা, পার্বতীপুর সহ বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। জাঙ্গিপাড়ার বসন্তপুর, অমরপুর, সন্তোষপুর, ঘনশ্যামপুর মহিসটিকরি, মোহনপুর সহ বেশ কয়েকটি এলাকায় কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ধান, শসা, করলা সহ অন্যান্য সব্জি ফি বছর জলে ডুবে নষ্ট হয়। বারেবারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি। বাধ্য হয়ে আমরা এদিন পথ অবরোধ করেছি’।
টানা পাঁচ ঘণ্টা অবরোধ থাকার পর জাঙ্গিপাড়ার বিডিও অরিজিৎ দাস ও সেচদপ্তরের আধিকারিক মনিশংকর দত্ত ঘটনাস্থলে আসেন।
সেচদপ্তরের ওই আধিকারিক বলেন, কয়েকদিন আগে সেচমন্ত্রী মানুষ ভুঁইঞা সহ অন্যান্যরা এনিয়ে আলোচনা করেছেন। প্রসাদপুর থেকে মাদিরিয়া পর্যন্ত ন’ কিলোমিটার খাল সংস্কার করার কথা। ইতিমধ্যেই ছয় কিলোমিটার সংস্কারের কাজ শেষ হয়েছে। একটি মামলার কারণে মাঝের তিন কিলোমিটার অংশ সংস্কার করা যাচ্ছে না। রাধানগরে একটি স্লুইসগেটের মাধ্যমে জল ছাড়লে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে। নিজস্ব চিত্র