Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

দাম না পেয়ে আলু বিলিয়ে দিচ্ছেন চাষিরা

বাজারে সাধারণ মানুষকে ৭ থেকে ১০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। অথচ আলু বিক্রি করতে না পেরে কার্যত বিলিয়ে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা।

দাম না পেয়ে আলু বিলিয়ে দিচ্ছেন চাষিরা
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: বাজারে সাধারণ মানুষকে ৭ থেকে ১০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। অথচ আলু বিক্রি করতে না পেরে কার্যত বিলিয়ে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। 

Advertisement

নাথুয়া ফটকটারি এলাকার আলু চাষি রঞ্জিত রায় কয়েক বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। ফলনও হয়েছিল যথেষ্ট ভালো। লাভের আশায় আলু তুলে টিনের শেডে মজুত করে রেখেছিলেন তিনি। কিন্তু সময় যত গড়িয়েছে, কমেছে আলুর দাম। অভিযোগ, বাজারে চাহিদা থাকলেও চাষিদের কাছ থেকে আলু কেনার ব্যবসায়ী কার্যত পাওয়া যাচ্ছে না।
চাষিদের দাবি, এবছর বৃষ্টির কারণে বহু জমির আলু তোলার আগেই নষ্ট হয়েছে। তার উপর বর্তমানে ব্যবসায়ীরা মাত্র ২০০ থেকে ২২০ টাকা কুইন্টাল দরে আলু কিনতে চাইছেন, ফলে উৎপাদন খরচও উঠবে না বলে দাবি ব্যবসায়ীদের। এখন দীর্ঘদিন মজুত রাখা আলুর একাংশ রোদ, বৃষ্টি ও সংরক্ষণের সমস্যায় পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় ক্ষতির বোঝা আর বাড়াতে না চেয়ে রঞ্জিত মজুত আলু এলাকার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে প্রায় চারশো প্যাকেট আলু বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এলাকার মানুষ বস্তা নিয়ে এসে প্রয়োজনমতো আলু নিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাজারে আলু কিনতে অনেক টাকা গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে পাওয়ায় অনেকটা সুবিধা হচ্ছে। বাজারে আলুর এত দাম কেন? ধূপগুড়ির আলু ব্যবসায়ী সুদীন রায় বলেন, আমরা বাজারে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি করছি। অন্য বাজারে সেটাই ১৫-২০ টাকা। আলু বিক্রেতাদের দাবি, পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাছাড়া অনেক আলু পচে যাওয়ায় দাম বাড়ছে। আলু চাষিদের আবেদন, তাঁদের স্বার্থরক্ষা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ