Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

কোহলিকে ভক্তের আকুতি, আর টেস্ট খেলাই দেখব না

কোহলিকে ভক্তের আকুতি, আর টেস্ট খেলাই দেখব না
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০

মথুরা: টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরের দিনই আধ্যাত্মিকতার আবহে বিরাট কোহলি। অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে তিনি বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের দর্শনে যান মঙ্গলবার। সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাতের ভিডিও রীতিমতো ভাইরাল। তাতে প্রেমানন্দ মহারাজ জানতে চান, কোহলি অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর প্রসন্ন রয়েছেন কি না। ভিকের উত্তর, ‘হ্যাঁ, এখন ঠিকই আছি।’ প্রেমানন্দ মহারাজ বলেন, ‘তুমি নিশ্চয়ই ভালো থাকবে।’

Advertisement

বৃন্দাবনের ভারাহা ঘাটের কাছে শ্রী রাধা কেলি কুঞ্জ আশ্রমে এর আগেও দু’বার এসেছিলেন বিরাট ও অনুষ্কা। ২০২৩ সালের ৪ জানুয়ারি প্রথমবার আসেন তাঁরা। চলতি বছরের ১০ জানুয়ারি দ্বিতীয়বার আসেন দু’জনে। এদিন প্রায় তিন ঘণ্টা আশ্রমে ছিলেন তাঁরা। আলাপচারিতায় প্রেমানন্দ মহারাজ তাঁদের বলেন, ‘পুণ্যফলেই মনের ভাবনাচিন্তায় পরিবর্তন আসে। ভগবানের ইচ্ছা ছাড়া এটা সম্ভব নয়। সাংসারিক জীবনে যেমন রয়েছ, তেমনই থাকো তোমরা। কিন্তু ভাবনাচিন্তায় বদল আনো। তাতে যেন যশ বা স্বীকৃতির আশা না থাকে। বরং ভগবানের প্রতি বলতে থাকো, ‘‘হে প্রভু, পার্থিব সুখ অনেক হয়েছে। এবার আমি শুধু তোমাকে চাই।’’ এভাবেই জীবন কাটাও।’ প্রেমানন্দ মহারাজের কথা শুনে অভিভূত দেখায় অনুষ্কাকে। তিনি জানতে চান, ‘বাবা, নাম জপ করলে কি চলবে?’ উত্তরে ‘হ্যাঁ’ বলেন গুরুজি।’
টেস্টকে বিদায় জানিয়ে বিরাট যতই শান্তির খোঁজে বৃন্দাবনে যান, ভক্তদের আপশোস থাকছেই। মুম্বই বিমানবন্দর থেকে দু’জনে বেরনোর সময় ছুটে আসে প্রশ্ন, ‘বিরাট স্যার, আপনি মস্ত ভুল করেছেন। কেন অবসর নিতে গেলেন? আমরা তো আর ক্রিকেট দেখব না।’ পাশ থেকে আর একজন বলে ওঠেন, ‘আপনার জন্যই আমরা টেস্ট ক্রিকেট দেখি।’ একজন আবার সেলফি তুলতে চান। বিরাট তখন বলেন, ‘এখন হাতে সময় নেই একেবারেই। ভবিষ্যতে অবশ্যই সেলফি তুলব।’ জবাব আসে, ‘আপনার জন্য অপেক্ষা করব। আর এখন শুধু একদিনের ম্যাচই দেখব। এবার অবশ্যই আরসিবি আইপিএল জিতবে।’

সম্পর্কিত সংবাদ