Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মামলা তুলতে চাপ জামিনে মুক্ত অভিযুক্তের পরিবার, চাঁচল থানার দ্বারস্থ মৃতের পরিজনরা

বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদের সময় গুলি করে খুন করা হয়েছিল এক যুবককে।  সেই ঘটনার পাঁচ বছর পরও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে মৃতের পরিবারকে।

মামলা তুলতে চাপ জামিনে মুক্ত অভিযুক্তের পরিবার, চাঁচল থানার দ্বারস্থ মৃতের পরিজনরা
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদের সময় গুলি করে খুন করা হয়েছিল এক যুবককে।  সেই ঘটনার পাঁচ বছর পরও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে মৃতের পরিবারকে। অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত বাবুল আলির পরিবার মামলা তুলে নেওয়ার জন্য অনবরত চাপ দিচ্ছে। রাস্তাঘাটে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করে মৃতের পরিবার পুলিসের কাছে অভিযোগ জানাল। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

Advertisement

অভিযোগ উঠছে, অভিযুক্তরা বুধবার গ্রামে সালিশি করবে বলে প্রচার করেছে। জোর করে সেখানে মৃতের পরিবারকে হাজির করানোর চেষ্টা করছে তারা। তবে, সালিশি যাতে না হয়, সেজন্য পুলিস ব্যবস্থা নিয়েছে।
২০২০ সালে চাঁচলের যদুপুরে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা হয়। সেই সময় গুলি করে খুন করা হয় যুবক মোমরেজ হোসেনকে। সেই সময় পুলিস বাবুল আলি সহ পরিবারের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত বাবুল বর্তমানে জেলবন্দি। তার বাবা সুকবর আলি জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। 
মৃতের স্ত্রী গুলসানারা বিবির অভিযোগ, জামিনে ছাড়া পেয়ে অভিযুক্তের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য আমাদের বারবার হুমকি দিচ্ছে। ওদের জন্য সন্ধ্যার পর আমরা কেউ বাড়ির বাইরে যেতে পারছি না। মঙ্গলবার গ্রামে ঢেঁড়া পিটিয়ে জানানো হয়েছে বুধবার সালিশি বসবে। আমাদের ভয় দেখিয়ে সেখানে হাজির হতে বলা হচ্ছে। কিন্তু আমরা দোষীদের কড়া শাস্তি চাই।
মোমরেজের ভাই মহিদুর রহমানের কথায়, দাদা গুলিতে খুন হওয়ার পর রাতে ঘুম হয় না। এখন আবার আমাদের রাস্তায় ভয় দেখানো হচ্ছে। নিরাপত্তা নিয়ে চিন্তায় আছি।  যদিও বাবুল আলির পরিবারের সদস্যদের দাবি, তাদের বিরুদ্ধে হুমকির ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
চাঁচল থানার এক আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রামে সালিশি সভা যাতে না হয়, এনিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ