Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণার টাকা না পেয়ে পরিবারে বিবাদ, গাজোলে আত্মহত্যা বধূর

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জেলায় জেলায় তীব্র বিক্ষোভ অসন্তোষের মধ্যেই আত্মঘাতী হলেন এক গৃহবধূ। পুলিশ জানিয়েছে, মৃতা অনিতা খাতুনের (৩২) বাড়ি গাজোলের বাছাহার এলাকায়।

অন্নপূর্ণার টাকা না পেয়ে পরিবারে বিবাদ, গাজোলে আত্মহত্যা বধূর
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, পুরাতন মালদহ: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জেলায় জেলায় তীব্র বিক্ষোভ অসন্তোষের মধ্যেই আত্মঘাতী হলেন এক গৃহবধূ। পুলিশ জানিয়েছে, মৃতা অনিতা খাতুনের (৩২) বাড়ি গাজোলের বাছাহার এলাকায়। পরিবারের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অনিতা। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না, বারবার তার খোঁজ নিয়েছেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম মাস টাকা পান তিনি। তারপর আর টাকা পাননি ওই মহিলা। চলতি মাসে অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু হলেও তাঁর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। 

Advertisement

শনিবার এনিয়ে সাতসকালে স্বামী ইনজামামুল হকের সঙ্গে তীব্র বচসা হয় অনিতার। ফর্ম ঠিকভাবে পূরণ না করার জন্য টাকা ঢোকেনি বলে স্বামীকে দোষারোপ করেন ক্ষিপ্ত গৃহবধূ। রাগের মাথায় পালটা স্ত্রীকে কটূ কথা শুনিয়ে বাড়ি থেকে বের হয়ে যান স্বামী। এরপরই শোওয়ার ঘরে ঢুকে অনিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা দরজা ভেঙে অনিতাকে উদ্ধার করে  গাজোল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 
এবিষয়ে জানতে গাজোলের বিডিও সুমন ঘোষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও ফোন না ধরায় তাঁর প্রতিক্রিয়া মেলেনি। মেসেজেরও উত্তর দেননি। করকচ গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বলেন, শুনেছি এক মহিলা আত্মঘাতী হয়েছেন। তবে সে সম্পর্কে কিছু জানি না। কাজের ব্যস্ততার জন্য যেতেও পারেনি। বিষয়টি পরে খোঁজ নিয়ে দেখব।
মৃতার দেওর সারোয়ার জাহান বলেন, বউদি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। বারবার ব্যাংকে গিয়ে খোঁজও নিতেন। এদিন সকালে দাদার সঙ্গে বউদির বিবাদ বাধে। ফর্ম ঠিক করে পূরণ না হওয়ার জন্যই টাকা ঢোকেনি বলে দাদাকে দোষারোপ করেন বউদি। রাগে দাদাও দু’চার কথা বলে। তারপরই বউদি এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর কাছে শোকাহত মৃতার দেওরের আর্জি, সবাইকে দ্রুত এই টাকা দেওয়ার ব্যবস্থা করুন। আর কোনো বাড়িতে যাতে এমন ঘটনা না ঘটে, নিশ্চিত করুন।
রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় ক্ষোভ-বিক্ষোভ চলছেই। মন্ত্রীর বাড়ির ঘেরাও থেকে সরকারি দপ্তর ভাঙচুর, সড়ক অবরোধ থেকে ধরনা, বাদ যাচ্ছে না কিছুই। গত ১৭ আগস্টের পর থেকে ক্ষোভের মাত্রা আরও বেড়েছে। এরই মাঝে মহিলার আত্মহত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ