সংবাদদাতা, তারকেশ্বর: স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। সোমবার তারকেশ্বর থানার তালপুর মণ্ডলপাড়ার ঘটনা। মৃতদের নাম অধীরচন্দ্র মণ্ডল (৫২) ও নয়নতারা মণ্ডল (৪৭)। পরিবার সূত্রে জানা গেছে, অধীর পেশায় সব্জি বিক্রেতা। তাঁর স্ত্রী কাপড়ের ব্যবসা এবং একটি স্কুলে রান্নার কাজ করতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ের বয়স ১০-১২ বছর। এদিন সকালে ছোট মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তখন হঠাৎ সব্জি কাটার বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন স্বামী। তাতে স্ত্রীর মৃত্যু ঘটে। এরপরে স্ত্রীর মৃতদেহের কাছেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন অধীর।



