Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে ভোটার তালিকায় দু’জায়গায় নাম যুবতীর, দাবি

রঘুনাথপুরে ভোটার তালিকায় দু’জায়গায় নাম যুবতীর, দাবি
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া ও কাশীপুরের পর এবার রঘুনাথপুর-১ ব্লকে ভুতুড়ে ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। এমনই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। শাসকদলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ব্লকের তৃণমূল নেতারা বৃহস্পতি ও শুক্রবার খাজুরা পঞ্চায়েতের তিনটি বুথে ভোটার তালিকা দেখে সমীক্ষা শুরু করেন। ভোটার তালিকায় দেখা যায়, এক যুবতীর দুই জায়গায় নাম রয়েছে। দুটি ভোটার কার্ডের নম্বরই আলাদা। এছাড়া, ভোটার তালিকায় শতাধিক মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়নি। রঘুনাথপুর-১এর বিডিও রবিশঙ্কর গুপ্তা বলেন, এবিষয়ে কোনও অভিযোগ আসেনি। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। বিজেপি বিধায়ক নদিয়ারচাঁদ বাউরি বলেন, তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটার লিস্টের কাজ রাজ্য সরকারের কর্মচারীরা করেন। তৃণমূল কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না দিয়ে দেয়-সেনিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

Advertisement

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের ভুয়ো ভোটার খুঁজতে তালিকা ধরে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। বুথস্তর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো শাসকদলের জেলার নেতারা বাড়ি, বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই শুরু করেছেন। এতেই ভোটার তালিকায় একাধিক গরমিল তাঁদের নজরে পড়ছে। কোথাও একই ব্যক্তির ভিন্ন জায়গায় নাম, কোথাও অস্তিত্বহীন ভোটার, আবার কোথাও ছবি ও এপিক নম্বর থাকলেও ভোটারের নাম থাকছে না বলে অভিযোগ।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, খাজুরা পঞ্চায়েতের সেনেড়া সংসদের ১৬৮, ১৬৯ ও ১৭০ নম্বর বুথে সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, ভোটার তালিকায় প্রায় শতাধিক মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়নি। এছাড়া, খুকুমণি বাউরি নামে এক যুবতীর দু’টি জায়গায় নাম রয়েছে। তাঁর দু’টি এপিক নম্বরই আলাদা।
জেলা তৃণমূল সম্পাদক হাজারি বাউরি বলেন, ভোটার তালিকা ধরে তিনটি বুথে বাড়ি বাড়ি সমীক্ষা করা হয়। এতে দেখা যায়, এক যুবতীর দু’টি জায়গায়, দুটি ভিন্ন এপিক নম্বর সহ নাম রয়েছে। একাধিক মৃত ব্যক্তির নাম এখনও বাদ দেওয়া হয়নি। আমরা মৃত ব্যক্তিদের নামের তালিকা ব্লক নির্বাচন আধিকারিককে দেব। মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ করেছিলেন, তা সামনে আসছে। বিজেপি ভোটার তালিকায় কারচুপি করতে চাইছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ