Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্মীকান্তপুরে গ্রেপ্তার নকল টিকিট পরীক্ষক

লক্ষ্মীকান্তপুরে গ্রেপ্তার নকল টিকিট পরীক্ষক
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: পরনে কালো প্যান্ট আর ধবধবে সাদা জামা। বুকের কাছে নেমপ্লেটে জ্বল জ্বল করছে লেখা— চিফ টিকিট ইনসপেক্টর। নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন ৪৫ বছরের ওই ব্যক্তি। তাঁর জামার বুক পকেটে নেমপ্লেট দেখে সন্দেহ হয় অন্যান্য টিকিট পরীক্ষকদের। ওই ভুয়ো টিকিট পরীক্ষককে ঘিরে ধরে জিজ্ঞাসা করলেও কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। শেষমেশ নিজেকে হাওড়া স্টেশনের টিকিট পরীক্ষক বলায় সন্দেহ আরও দৃঢ় হয়। হাওড়া স্টেশনের টিটিই লক্ষ্মীকান্তপুর স্টেশনে কেন? এই প্রশ্নেও নিরুত্তর থেকেছেন তিনি। এরপর বারুইপুর থেকে আরপিএফের একটি টিম লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে ওই ভুয়ো পরীক্ষককে আটক করে। শনিবার রাতে তাঁকে বারুইপুর জিআরপি’র হাতে তুলে দেওয়া হয়। রবিবার শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

জিআরপি সূত্রে খবর, ওই ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি দিল্লিতে। তবে বেশ কয়েক বছর ধরে তিনি ঘর ভাড়া নিয়ে  থাকছিলেন জয়নগরের দক্ষিণ বারাসতে। এর আগে অভিযুক্ত কোথায় কোথায় টিটিই সেজে যাত্রীদের টিকিট পরীক্ষা করেছেন এবং জরিমানার টাকা সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখছেন জিআরপি’র অফিসাররা। এর পিছনে আর কারা জড়িত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। - ধৃত সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ