দূরপাল্লার ট্রেনে ভুয়ো ই-কেটারিং পরিষেবার ফাঁদ, জাল ওয়েবসাইটের তালিকা প্রকাশ
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: এক্সপ্রেস- মেল ট্রেনে এবার ভুয়ো ই-কেটারিং পরিষেবার ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা। আর সেই ফাঁদে পা দিয়ে চরম বিপদে পড়তে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের একটি অংশকে। কারণ, মুহূর্তের মধ্যে ‘লিক’ হয়ে যাচ্ছে রেল যাত্রীদের পিএনআর, ইমেল আইডি এবং মোবাইল নম্বর। এমনকি, অনলাইন পেমেন্টের ফাঁদ পেতে হাতিয়ে নেওয়া হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও। পাশাপাশি ভুয়ো ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে খাবার অর্ডার দিয়ে খোয়াতে হচ্ছে টাকাও। সবমিলিয়ে সাইবার হানার শিকার হয়ে রেল যাত্রীদের কার্যত সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ডিজিটাল দালালরাজের পাশাপাশি এবার ট্রেনে সাইবার অপরাধীদের নয়া ছকে বড়োসড়ো বিপাকে পড়ে গিয়েছে রেলমন্ত্রক। ইতিমধ্যে রেলমন্ত্রক এবং তার আওতাধীন আইআরসিটিসির পক্ষ থেকে ই-কেটারিং সংক্রান্ত একাধিক ভুয়ো ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তা আদৌ সাধারণ রেল যাত্রীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে রেলভবনের অন্দরেই। রেল বোর্ডের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, এই ইস্যুতে যাত্রীদের সচেতন করতে লাগাতার প্রচার অভিযান কর্মসূচি চালানো হবে। যদিও পালটা রেল কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলছে যাত্রীদের একটি বড়ো অংশ। 
চলন্ত ট্রেনে বসেই বাইরের রেস্তরাঁ থেকে খাবার আনিয়ে নেওয়ার সুবিধা দিতে যাত্রীদের জন্য ই-কেটারিং পরিষেবা দীর্ঘদিন ধরেই চালু করেছে রেল। শর্তসাপেক্ষে বিভিন্ন স্টেশনে ওই পরিষেবার ব্যবস্থা করে রেল। পিএনআর নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডির মতো তথ্য দিয়ে ই-কেটারিং পরিষেবার মাধ্যমে পছন্দের রেস্তরাঁ থেকে নিজের মর্জিমতো খাবার আনিয়ে নিয়ে পারেন যাত্রীরা। ট্রেনে নিজের আসনে বসেই তাঁকে ওই খাবার সরবরাহ করা হবে। ই-কেটারিং পরিষেবার আওতাভুক্ত বিভিন্ন স্টেশনে বাছাই করা রেস্তরাঁই শুধুমাত্র খাবার সরবরাহ করতে পারবে। অনেক সময় এই প্রক্রিয়াতেই বড়োসড়ো বিপত্তি ঘটে যাচ্ছে। আধিকারিকরা জানাচ্ছেন, ই-কেটারিং পরিষেবার জন্য আইআরসিটিসির সরকারি ওয়েবসাইট এবং ফোন নম্বর রয়েছে। আইআরসিটিসির নথিভুক্ত কিছু সংস্থাও এই পরিষেবা দিতে পারে। কিন্তু তার বাইরে এই পরিষেবা দেওয়ার অধিকার কারো নেই। সাধারণ যাত্রীদের অনেকেই তা জানেন না। ফলে হয়রানি বাড়ছে। রেল জানিয়েছে, https://www.ecatering.irctc.co.in সাইট অথবা ‘ফুড অন ট্র্যাক’ মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে যাত্রীদের। ১৩২৩ নম্বরে ফোন করেও ই-কেটারিং পরিষেবা পাবেন রেল যাত্রীরা।

Advertisement

রেলমন্ত্রক প্রকাশিত কয়েকটি ভুয়ো ই-কেটারিং ওয়েবসাইট:

 railrestro.com, railrestro.in
 railmitra.com
 travelkhana.com
 trainscafe.com
 dibrail.com
 railfood.net
 travelerfood.com
 foodontrack.in
 ecatering.app
 khanaonline.in
 trainway.in
 railmeal.com
 trainmenu.com