তোলাবাজি! পানিহাটির গোষ্ঠীদ্বন্দ্বে প্রতিবাদী কর্মী ‘খুন’, অভিযুক্ত বিজেপির যুব সভাপতি
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কখনো তোলাবাজি, কখনো এলাকা দখল নিয়ে ক্ষমতাসীন দলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। বিগত সরকারের আমলে এমন ঘটনা মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে আসত। বিজেপি জমানায় তাতে কোনো ছেদ পড়েনি! বরং যত দিন যাচ্ছে, রাজ্যের নানা প্রান্তে পদ্ম শিবিরের অন্তর্কলহ বেআব্রু হচ্ছে। এই আবহে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাণ গেল এক প্রতিবাদী বিজেপি কর্মীর। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। অভিযুক্ত দলেরই স্থানীয় যুব নেতা। ঘটনার নেপথ্যে সেই তোলাবাজির আঁচ! অভিযোগ, দলের নেতাকর্মীদের একাংশের তোলাবাজি ও এক ব্যবসায়ীর সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করতে গিয়ে যুবনেতা রাজদীপ দাসের অনুগামীদের মারে প্রাণ হারিয়েছেন বিজেপি কর্মী অরূপ সাহা (৪৯)। এই ঘটনার পর দলের একাংশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘বিজেপি না জিতলেই বোধ হয় ভালো হত।’ 

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ। সোদপুরের সাইডিং বাজারের ঈশ্বর চ্যাটার্জি রোডে রাজদীপ দাসের অনুগামীদের আড্ডা এবং তাঁদের অশালীন আচরণ নিয়ে আপত্তি ছিল স্থানীয়দের। যুবনেতার ওই ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোলাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এদিন শঙ্কর দে নামে স্থানীয় এক ব্যবসায়ী এসবের প্রতিবাদ করলে বচসা বাধে। এক সময় কয়েকজন ব্যবসায়ীর উপর চড়াও হয়। ফল কিনতে এসে ঘটনা নজরে এলে প্রতিবাদ করেন ১ নম্বরের মণ্ডলের বিজেপি সম্পাদক তথা অরূপবাবুর স্ত্রী রুমা সাহা। তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়। অভিযোগ, আধঘণ্টা পর ৪০-৫০ জনকে নিয়ে ফের সেখানে হাজির হন অভিযুক্ত যুবনেতা। খবর পেয়ে স্বামীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান রুমাও। অভিযোগ, তাঁকে হেনস্তা করা হয়। বাধা দিতে গেলে অরূপকে ধাক্কা মারা হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। 
রবিবার সকালে দেশবন্ধু রোডে অরূপের বাড়িতে যান পানিহাটির বিধায়ক। সেখানে তিনি দলের উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, ‘পানিহাটির ২৯টি ওয়ার্ডে জেলা সভাপতি নিজের খেয়ালখুশি মতো কনভেনর নিয়োগ করছেন। এতেই অশান্তি বাড়ছে। ১৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুরজিৎ বিশ্বাস ওরফে ননীর মদতে রাজদীপ বহিরাগতদের জড়ো করে হামলা চালিয়েছেন।’ এরপরই তাঁকে বলতে শোনা যায়, ‘এই পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। বিজেপি না জিতলেই বোধ হয় ভালো হত।’ এনিয়ে চণ্ডীচরণ রায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার ফোন করা হলেও তোলেননি তিনি। রুমাদেবীর অভিযোগ, হামলাকারীদের অধিকাংশই ৪ মে’র পর তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে। তবে ঘটনা নিয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের কোনো  প্রতিক্রিয়া মেলেনি। তারা কার্যত মুখে কুলুপ এঁটেছে।