নিউ ইয়র্ক: সামরিক বিস্ফোরক তৈরির প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আমেরিকার টেনেসিতে। সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে। বিস্ফোরণের জেরে আশেপাশে থাকা একাধিক বাড়ি কেঁপে ওঠে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।
ন্যাশভিল থেকে ৯৭ কিমি উত্তর-পশ্চিমে রয়েছে অ্যাকিউরেট এনারজেটিক সার্ভিসেস। শুক্রবার সেখানেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক গাড়ি, অফিস। ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কারখানাকে গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। পরপর বিস্ফোরণে উদ্ধার কাজে দেরি হয়।