Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৪ এপ্রিল সূচনা এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রোর! নোয়াপাড়া-এয়ারপোর্ট, রুবি-বেলেঘাটাও

২৪ এপ্রিল সূচনা এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রোর! নোয়াপাড়া-এয়ারপোর্ট, রুবি-বেলেঘাটাও
  • ৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসেই কি তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে? জুড়ে যাবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো পথ? সম্প্রতি শীর্ষ বিভাগীয় প্রধানদের কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডির পাঠানো এক লিখিত বার্তার সূত্রেই এমন সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সেই বার্তার সারকথা হল, আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো পথের উদ্বোধন করবেন। তাই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে সমস্ত সরকারি আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। এই অংশ খুলে গেলে দীর্ঘ দেড় দশকের চেষ্টায় চালু হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট—হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ। ওই দিনই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) থেকে বেলেঘাটা রুটেও মেট্রো চলাচলের সূচনা হতে পারে। যদিও সম্পূর্ণ বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলছে না মেট্রো কর্তৃপক্ষ। রাজ্য প্রশাসনের কাছেও শনিবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কোনও সূচি আসেনি। তবে সূত্রের খবর, ইতিমধ্যে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ‘রেডি প্রজেক্ট’-এর বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। উল্লেখ্য, বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে একটা সময় এই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সেই সমস্যার স্থায়ী সমাধানের পর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর লাইন পাতার কাজ সম্পন্ন হয়েছে। গত কয়েকমাস ধরে সেখানে চলছে ‘ট্রায়াল রান’। এখনও অবশ্য ওই অংশের অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র মেলেনি। যাত্রী পরিষেবা শুরুর জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির চূড়ান্ত পরিদর্শন ও ছাড়পত্র মিললেই দেশের প্রথম নদীর তলা দিয়ে যাওয়া মেট্রো ছুটবে প্রস্তাবিত সম্পূর্ণ রুটে। গত বছর ৬ মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন। সেদিন তিনি এসপ্ল্যানেড থেকে মেট্রোয় চেপে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে গিয়েছিলেন হাওড়া ময়দানে। তার আগেই অবশ্য শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছিল কয়েক দফায়। বউবাজারে টানেল বিপর্যয়ের কারণেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পাতালপথে যুক্ত করা যাচ্ছিল না। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৪ এপ্রিল তা চালু হয়ে যাবে। 

Advertisement

এদিকে, নোয়াপাড়া থেকে জয়হিন্দ (এয়ারপোর্ট) পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে নর্থ-সাউথ করিডর অর্থাৎ কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি, এসপ্ল্যানেডে নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরতে পারা যাবে। একইভাবে কবি সুভাষে নেমে বেলেঘাটা পর্যন্ত চলে আসা যাবে সহজে। কলকাতা বিমানবন্দর চত্বরে অবস্থিত জয়হিন্দ মেট্রো স্টেশন মাটির ১২ মিটার নীচে করা হয়েছে। সাবওয়ের মাধ্যমে যা বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত। এই মেট্রো রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া-আসা অনেকটাই সহজ হবে বলে আশাবাদী শহর ও শহরতলি এলাকার বাসিন্দারা। গত বছর ৬ মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোর পাশাপাশি কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুটেরও উদ্বোধন করেছিলেন। এই অংশে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না বলেই খবর। বেলেঘাটা পর্যন্ত এই রুট সম্প্রসারিত হলে যাত্রীসংখ্যা বাড়বে বলেই মনে করছেন মেট্রোর কর্তারা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ