নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মীদের ইএসআই’র সুবিধা দেওয়ার জন্য বেতন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। কর্মদাতা সংস্থাও নিয়মিত টাকা মেটাচ্ছে। কিন্তু অসুস্থ হলে সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না বহু কর্মী। এমনই অভিযোগ এনে ইএসআইসি অফিস অভিযান করলেন চটকল শ্রমিকরা। তাঁদের বক্তব্য, চিকিৎসা পাওয়ার অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পার্মানেন্ট জুট ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট এস পি তিওয়ারি বলেন, ‘কর্মীদের বেতন থেকে প্রতি মাসে ০.৭৫ শতাংশ কেটে নেওয়া হয় ইএসআই’র সুবিধা দেওয়ার জন্য। কর্মদাতা সংস্থা জমা করে ৩.২৫ শতাংশ। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই পরিষেবা দেওয়ার জন্য ৪২০ টাকা দেয়। রাজ্যের প্রায় ২০ লক্ষ কর্মী ইএসআই সুবিধা পাওয়ার অধিকারী। দুর্ভাগ্যের বিষয়, কর্মীরা বহু ক্ষেত্রেই সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না।’ তাঁর অভিযোগ, এ রাজ্যে ইএসআইয়ের আওতায় ১৪টি হাসপাতাল আছে। কিন্তু সেখানে চিকিৎসার সুযোগ না থাকলে কেন্দ্রীয় সরকারের প্যানেলে থাকা ৪২টি ও রাজ্য সরকারের প্যানেলে থাকা ৫২টি বেসরকারি হাসপাতাল আছে, যেখানে উচ্চমানের চিকিৎসা পেতে পারেন কর্মীরা। বাস্তবে দেখা যাচ্ছে, একজন অসুস্থ কর্মীকে একটি ইএসআই হাসপাতাল থেকে অপর একটি ইএসআই হাসপাতালে পাঠানো হচ্ছে। অথবা রাজ্য সরকারি কোনও হাসপাতালে ‘রেফার’ করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, রাজ্য সরকারি হাসপাতালেই যদি চিকিৎসা হবে, তাহলে বেতন থেকে টাকা কাটার অর্থ কী? এরই প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে মিছিল করে ইএসআইসি অফিস অভিমুখে অভিযান করেন চটকল কর্মীরা। ১০ জনের একটি প্রতিনিধিদল ইএসআইসির রিজিওনাল ডিরেক্টর অম্বরীশকুমার শর্মার হাতে স্মারকলিপি তুলে দেয়।



