নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র সংসদ নির্বাচন চেয়ে বারবার পথে নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। এখন প্রশ্ন উঠছে, যদি এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা হয়, তার জন্য এসএফআই আদৌ প্রস্তুত তো? বাম ছাত্র সংগঠনের অন্দরেই এমন প্রশ্ন উঠছে, কারণ ২০১৭ সালের পর থেকে রাজ্যের বেশিরভাগ কলেজে নির্বাচন হয়নি। এখন যাঁরা ক্যাম্পাসে এসএফআই করছেন, তাঁদের প্রায় কারও কলেজ নির্বাচনের অভিজ্ঞতা নেই। এই সমস্যা থেকে বেরনোর রাস্তা খুঁজতে কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে এসএফআই।
Advertisement
ইতিমধ্যে কলকাতার কলেজ পড়ুয়াদের নিয়ে মৌলালি যুবকেন্দ্রে একটি কর্মশালা হয়েছে। সেখানে কলেজ নির্বাচনের খুঁটিনাটি নিয়ম শেখানো হয়েছে বলে খবর। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘কলেজ নির্বাচনের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, যেগুলি এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ুয়াদের জানার কথা নয়। সেগুলোই শেখানো হচ্ছে। জেলাতেও এই ধরনের কর্মশালা হবে। সংশ্লিষ্ট কলেজের প্রাক্তনীরা থাকবেন। এছাড়া থাকবে আমাদের রাজ্য নেতৃত্বও।’ তিনি জানান, যাঁরা এককালে কলেজ নির্বাচনে লড়াই করেছেন, তাঁরাই মূলত এই কর্মশালাগুলিতে ক্লাস নেবেন। এই মুহূর্তে কলেজ নির্বাচন হলে শহর থেকে জেলায় বেশ কয়েকটি কলেজে জেতার আশাও দেখছে ছাত্র সংগঠনটি। কলকাতার কর্মশালায় বক্তব্য রেখেছেন সিপিএমের যুবনেতা সায়নদীপ মিত্র। প্রসঙ্গত, ক্যাম্পাসে রাজনীতি করার সমস্যা নিয়ে সিপিএমের রাজ্য সম্মেলনে রিপোর্টও পেশ করেছে ছাত্র ফ্রন্ট।



