Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগরে ভাঙন, কোটি টাকার সরকারি বাংলো অস্তিত্ব সংকটে

তৃণমূল সরকারের আমলে কয়েক কোটি টাকা খরচ করে সেগুন কাঠের বাংলো তৈরি হয়েছিল গঙ্গাসাগরে।

গঙ্গাসাগরে ভাঙন, কোটি টাকার সরকারি বাংলো অস্তিত্ব সংকটে
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল সরকারের আমলে কয়েক কোটি টাকা খরচ করে সেগুন কাঠের বাংলো তৈরি হয়েছিল গঙ্গাসাগরে। যা পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সুদৃশ্য বাংলোটির অস্তিত্ব এখন সংকটে। কারণ তীব্র সমুদ্র ভাঙন ও ধারাবাহিক অবহেলা। ক্রমশ সমুদ্র এগিয়ে আসছে। এখনই পদক্ষেপ না করলে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে এই সরকারি সম্পত্তি। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, অবৈজ্ঞানিকভাবে এই বাংলো বানানো হয়েছিল। নিয়ম না মেনে সরকারি টাকা অপচয় হয়েছে। কারা করল তদন্ত হওয়া উচিত। মন্দিরের সামনে সমুদ্র ভাঙন রক্ষা করাই আমাদের প্রধান কাজ।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গাসাগর মেলার সময় একটু সাজানো হয় এই বাংলো। কিন্তু অন্য সময় খুব বেশি দেখভাল হয় না। বর্তমানে সেই বাংলোর বাইরে ঘেরা কাঠের বল্লমের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে রয়েছে। ভিতরে আগাছায় জঙ্গলে পরিণত হয়েছে। নোনা বাতাসে কাঠের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এলাকার মানুষের দাবি, এখানে কাউকে থাকতে দেখা যায়নি। পর্যটকদের ভাড়া দেওয়াও হয়নি। এত টাকা খরচ করে বানানো বাংলোকে রক্ষা করা এখন চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। সাগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, সমুদ্রের পাড় ভাঙছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ এগিয়ে আসছে সমুদ্র। এখনই এই নিয়ে পদক্ষেপ করা উচিত। এই নিয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেচদপ্তর থেকে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এতে ভাঙন রোধ করা যাবে। ফলে সবটা রক্ষা করা সম্ভব হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ