Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইপিএস পেনশন: আজ শহরে বড় সভা করার পথে প্রবীণরা

পিএফের আওতায় ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে মুখে আশ্বাসবাণী শোনাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তবে অনড় মনোভাব দেখাচ্ছে তারা। পেনশন বৃদ্ধির দাবি নিয়ে ইতিমধ্যেই একাধিক কমিটি সওয়াল করেছে।

ইপিএস পেনশন: আজ শহরে বড় সভা করার পথে প্রবীণরা
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফের আওতায় ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে মুখে আশ্বাসবাণী শোনাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তবে অনড় মনোভাব দেখাচ্ছে তারা। পেনশন বৃদ্ধির দাবি নিয়ে ইতিমধ্যেই একাধিক কমিটি সওয়াল করেছে। অন্যদিকে বিরোধীরা তো বটেই, বিজেপি সাংসদদেরও একাংশ এই নিয়ে প্রতিবাদে সরব। তবুও, কিছুই আমল দিচ্ছে না মোদি সরকার। এর প্রতিবাদে আজ ২৭ মার্চ কলকাতায় বড় সমাবেশের ডাক দিলেন প্রবীণরা। তার আগে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আঞ্চলিক অফিসগুলিতে স্মারকলিপি জমা করার উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। ইপিএস-৯৫ প্রকল্পের আওতাভুক্ত পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, তারা পিএফের ন্যূনতম পেনশন এক হাজার টাকা করেছে। যদিও সেই টাকা পান না লক্ষ লক্ষ বয়স্ক মানুষ। সর্বোচ্চ পেনশন তিন হাজার টাকার বেশি পান খুবই কম গ্রাহক। পেনশনের অঙ্ক মাসিক সাড়ে সাত হাজার টাকা করা, তার সঙ্গে ডিএ যুক্ত করা এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগ সহ কয়েকটি দাবিতে আন্দোলন করছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। সংগঠনের কর্তারা জানাচ্ছেন, মহারাষ্ট্রের বুলদানায় বছরের পর বছর ধরে রিলে অনশন চলছে। কিন্তু তাকে আমল দিচ্ছে না কেন্দ্র, দাবি করেছেন এই সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত। তিনি বলেন, দেশজুড়ে আন্দোলনকে অক্সিজেন জুগিয়েছেন সংগঠনের সভাপতি কমান্ডার অশোক রাউত। তিনি প্রবীণদের মনোবল চাঙ্গা করতে আজ সভা করবেন উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটের বীরেন্দ্র মঞ্চে। আন্দোলনকে আমরা কোন পথে এগিয়ে নিয়ে যাব, তার রূপরেখা পাব সেখান থেকে। সংগঠনের রাজ্য শাখার সম্পাদক (অর্থ) অমিয়কুমার দাস বলেন,  সোমবার ইপিএফও’র সল্টলেক অফিসে স্মারকলিপি জমা দিয়েছি। আঞ্চলিক অফিসগুলি ঘিরেও একই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ