Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্যোগী সাংসদ জগন্নাথ, রেলের আন্ডারপাস তৈরি হবে পান্থপাড়ায়

দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান হতে চলেছে। রানাঘাটের পান্থপাড়া সংলগ্ন এলাকায় হতে চলেছে রেলের আন্ডারপাস

উদ্যোগী সাংসদ জগন্নাথ, রেলের আন্ডারপাস তৈরি হবে পান্থপাড়ায়
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান হতে চলেছে।  রানাঘাটের পান্থপাড়া সংলগ্ন এলাকায় হতে চলেছে রেলের আন্ডারপাস। ফলে সমস্যা থেকে মুক্তি পাবে ওখানকার প্রায় হাজারটি পরিবার। তাদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। নিরাপত্তার কারণে  কিছুদিন আগে রেলের তরফে ওই পারাপারের জায়গা সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়। ফলে যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরই সেখানকার বাসিন্দারা একটি আন্ডারপাস নির্মাণের দাবি তোলেন। বিষয়টিতে হস্তক্ষেপ করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি রানাঘাটবাসীর সুবিধার কথা চিন্তা করে বিষয়টি নিয়ে সরাসরি ডিআরএম এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে আন্ডারপাস তৈরির আবেদন জানান। 

Advertisement

সাংসদের এই আবেদনে সাড়া দিয়ে রেলের তরফে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য জেলা প্রশাসনের কাছে একটি এনওসি চাওয়া হয়েছিল। প্রশাসনিক স্তরে ইতিমধ্যে রেলের কাছে এনওসি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সাংসদ।
সাংসদ বলেন, কয়েক হাজার মানুষের যাতায়াতের কোনো জায়গা নেই। সেই কারণেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। রেল কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে একটি ইতিবাচক সংকেত দিয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হওয়া মাত্রই দ্রুততার সঙ্গে পান্থপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ