Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপিতে কোটি টাকার মাদক সহ ধৃত মুর্শিদাবাদের বাসিন্দা

ট্রেনে করে মাদক পাচারের চেষ্টা রুখে দিল জিআরপি ও এনজেপি থানার পুলিস। ৭৪৮ গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। রবিবার দুপুরে এনজেপি স্টেশনে দাঁড়িয়ে থাকা কামরূপ এক্সপ্রেসের জেনারেল কামরায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এনজেপিতে কোটি টাকার মাদক সহ ধৃত মুর্শিদাবাদের বাসিন্দা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ট্রেনে করে মাদক পাচারের চেষ্টা রুখে দিল জিআরপি ও এনজেপি থানার পুলিস। ৭৪৮ গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। রবিবার দুপুরে এনজেপি স্টেশনে দাঁড়িয়ে থাকা কামরূপ এক্সপ্রেসের জেনারেল কামরায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাবলু মোল্লা। তার বাড়ি মুর্শিদাবাদের রানিনগরে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিস জানিয়েছে। 
Advertisement
এনজেপি জিআরপি সুপার কুনওয়ার ভূষণ সিং জানিয়েছেন, জিআরপি থানার আইসি প্রেমাশিস চট্টোপাধ্যায় ও তাঁর দল ওই ট্রেনের জেনারেল কামরায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে বসে থাকতে দেখে। এরপরেই তাকে আটক করে তল্লাশি শুরু করে পুলিস। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ওই হেরোইন উদ্ধার হয়। প্রাথমিকভাবে জেরা করে পুলিস জানতে পেরেছে মুর্শিদাবাদ থেকে ওই ট্রেনে চেপে মাদক নিয়ে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় বিক্রি করার উদ্দেশ্য ছিল। তার আরও সঙ্গী  ছিল বলে অনুমান পুলিসের। ধৃতের পকেট থেকে আরও একটি টিকিট মেলাতেই এমন সন্দেহ করছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জিআরপি’র আইসি প্রেমাশিস চট্টোপাধ্যায় বলেন, আমরা নিউ জলপাইগুড়ি থানার পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই হেরোইন উদ্ধার করেছি। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ