নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্য সরকারের নির্দেশ পেতেই বেআইনি নির্মাণ চিহ্নিত করতে ময়দানে নামল ইংলিশবাজার পুরসভা। শহরের ২৯টি ওয়ার্ডে চলছে নজরদারি। বেআইনি নির্মাণের তালিকা তৈরি হলেই তা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। তারপর যা নির্দেশ আসবে সেইমতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইংলিশবাজার শহরে মহানন্দা নদীর পাড় থেকে শুরু করে প্রত্যেকটি অলি গলিতে অন্তত একটা করে বেআইনি নির্মাণ পাওয়া যাবেই। এই নির্মাণ কাজগুলি পুরসভার বিভিন্ন বোর্ডের সময়ে হয়েছে। বেআইনি নির্মাণগুলির অধিকাংশই ফ্ল্যাটবাড়ি। যার সঙ্গে পুরসভায় জমা দেওয়া প্ল্যানের মিল নেই। ইংলিশবাজারের বিজেপি বিধায়ক তথা পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি বলেন, আমাদের শহরে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরসভায় জমা দেওয়া প্ল্যানের সঙ্গে বাড়ি বা ফ্ল্যাট তৈরি হওয়ার পর একটা বড় পার্থক্য থেকে যাচ্ছে। অনেক প্রমোটার প্ল্যান অনুযায়ী জায়গা ছাড়ছেন না। প্রশাসনিক বৈঠকে বিষয়টি আমি জেলা প্রশাসনকে জানিয়েছি। তারপরেই পুরসভা এই উদ্যোগ নিয়েছে।



