নিজস্ব প্রতিনিধি, মালদহ: রেল থেকে টেলিফোন, পোস্টাল ভবন, বহুতল বাড়ি, সরকারি অফিসের দীর্ঘদিনের ট্যাক্স জমা পড়েনি। এবার সেই বকেয়া ট্যাক্স সংগ্রহে জোরদার উদ্যোগ শুরু করেছে ইংলিশবাজার পুরসভা। এতে একদিকে যেমন পুরসভার নিজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনই আর্থিকভাবে আরও সুদৃঢ় হবে পুরসভা। তাই চলতি অর্থবর্ষ থেকেই ট্যাক্স সংগ্রহে গুরুত্ব অনেকটাই বাড়ানো হয়েছে।
পুর কর্তৃপক্ষের বক্তব্য, ইংলিশবাজার শহরে বহু সরকারি ভবন রয়েছে, অনেক বহুতল রয়েছে, যেগুলির দীর্ঘদিন ধরে ট্যাক্স বকেয়া রয়েছে। ট্যাক্স জমা করছেন না। আমরা এব্যাপারে গুরুত্ব আরোপ করে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বলেছি। পুরসভার ব্যাখ্যা রোজগার বাড়াতে না পারলে সরকারি বিভিন্ন সুবিধা, ফান্ডিং পেতেও সমস্যায় পড়তে হয়। তাই এব্যাপারে গুরুত্ব আরোপ হয়েছে।
পুরসভার পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে (২০২৪-২৫) উল্লেখযোগ্য পরিমাণে আয় বাড়িয়েছিল পুরসভা। ওই বছর ৩৩ কোটি টাকা নিজস্ব আয় হয়েছিল। যা গত দুই অর্থবর্ষের তুলনায় ১০ কোটি টাকা বেশি। যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য। চলতি অর্থবর্ষেও (২০২৫-২৬) একইভাবে পুরসভার আর্থিক সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ শুরু হয়েছে।
ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, রেলের কাছে বকেয়া ট্যাক্স বাবদ আমরা এক কোটি টাকা পাব। রেলও বকেয়া মেটানোর ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছে। এছাড়াও টেলিফোন, পোস্টাল ভবন, বহুতল বাড়ি, সরকারি অফিসের দীর্ঘদিনের ট্যাক্স জমা পড়েনি। সেগুলি আমরা সংগ্রহ করতে পদক্ষেপ নিচ্ছি। শহরের অনেক বাড়ি ভেঙে বহুতল শপিংমল হয়েছে, তাদেরও ট্যাক্স বকেয়া আছে। তবে বকেয়ার সামগ্রিক পরিমাণের ব্যাপারে চেয়ারম্যান কিছু বলেননি।