Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এমিলিয়ানো মার্তিনেজ ফিট, খেলতে পারেন প্রথম ম্যাচে

বিশ্বকাপে খেলতে ফিট এমিলিয়ানো মার্তিনেজ। কোচ লায়োনেল স্কালোনির কাছে সুখবর। আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল। বিস্তারিত পড়ুন।

এমিলিয়ানো মার্তিনেজ ফিট, খেলতে পারেন প্রথম ম্যাচে
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: বিশ্বকাপে নামার আগে স্বস্তি আর্জেন্তিনা শিবিরে। মেডিক্যাল টেস্টে ফিট এমিলিয়ানো মার্তিনেজ। আঙুলের চোট সারিয়ে এদিন গ্লাভস পরে পুরোদমে অনুশীলনও করেছেন ডিবু। দলের এক নম্বর গোলরক্ষককে চেনা মেজাজে দেখে খুশি কোচ লায়োনেল স্কালোনিও। যা পরিস্থিতি, তাতে ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার প্রথম ম্যাচে মার্তিনেজের খেলার সম্ভাবনা উজ্জ্বল। 

Advertisement

আর্জেন্তিনার ২০২২ বিশ্বকাপ জয়ে মেসির থেকে এমিলিয়ানোর অবদান কোনো অংশে কম ছিল না। গোটা টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরেন তিনি। কোয়ার্টার-ফাইনালে টাই-ব্রেকারে দলকে উতরে দেন। ফাইনালেও ডিবু ছিলেন অপ্রতিরোধ্য। অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির শট পা দিয়ে বাঁচানোয় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। আর এই পর্বে তিনি অতুলনীয়। সেই সুবাদে গোল্ডেন গ্লাভসও জেতেন তিনি। তবে সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় আঙুলে চোট পান ডিবু। ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যথা নিয়েই খেতাবি লড়াইয়ে খেলেন। এবং অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়নও করান। সেই চোটই গুরুতর হয়। তবে তাঁর প্রতি আস্থা হারাননি জাতীয় দলের কোচ। চোট থাকা সত্ত্বেও বিশ্বকাপের স্কোয়াডে রাখেন। এবং আশঙ্কার যাবতীয় কালো মেঘ সরিয়ে আর্জেন্তিনার প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ এমিলিয়ানো। তবে লেফট ব্যাক নিকোলাস টাগলিয়াফিকো পেশির চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাঁর জায়গায় শুরু করতে পারেনি ফাকুন্ডো মেডিনা। আর চোটের কারণে বালের্দি তো আগেই ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন মার্কস সেনেসি। 
চোট আঘাতের সমস্যা যতই থাক বিশ্বকাপে অভিযান শুরুর আগে আর্জেন্তিনা শিবির ফুরফুরে মেজাজেই রয়েছে। এদিন অনুশীলনে যোগ দেওয়ার ভিডিও পোস্ট করেছেন লিও মেসি। আর তাতেই ঘুম উড়ছে প্রতিপক্ষদের। কারণ, ৩৮ বছর বয়সেও ভয়ঙ্কর তিনি। এই প্রসঙ্গে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের তারকা ওসুমানে ডেম্বেলেকে। তিনি বলেন, ‘বার্সেলোনায় থাকাকালীন আমি দেখেছি, মেসি কী করতে পারে। আমার মতে, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ও। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। সাফল্যের খিদে কোন পর্যায়ে যেতে পারে তা মেসিকে না দেখলে বোঝা সম্ভব নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ