Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এমএলএস কাপে স্বপ্নভঙ্গ মেসিদের

এমএলএস কাপে স্বপ্নভঙ্গ মেসিদের
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
ইন্তার মায়ামি-২                 :                       আটলান্টা-৩
Advertisement
মায়ামি: আমেরিকান ফুটবলে বড় অঘটন। এমএলএস কাপের প্লে-অফ থেকে ইন্তার মায়ামিকে ছিটকে দিল আটলান্টা ইউনাইটেড। ডেভিড বেকহ্যামের দলকে ৩-২ গোলে হারিয়ে কনফারেন্স সেমি-ফাইনালে জায়গা পাকা করেছে সফরকারী দল। ম্যাচে একবার জাল কাঁপিয়েও দলের হার বাঁচাতে না পারায় রীতিমতো হতাশ লায়োনেল মেসি। ইন্তার মায়ামিকে এমএলএস কাপে চ্যাম্পিয়ন করার স্বপ্ন অধরা থেকে গেল আর্জেন্তাইন মহাতারকার।
মেজর লিগে ইস্টার্ন কনফারেন্স লিগের শীর্ষে ছিল ইন্তার মায়ামি। তাই মেসিদের কাপ জয়ের আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা। কিন্তু লিগের ৯ নম্বর দলের বিরুদ্ধে হঠাত্ ছন্দপতনে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ডেভিড বেকহ্যামের দল। রবিবার শুরুতে এগিয়েও গিয়েছিল ইন্তার মায়ামি। ১৭ মিনিটে ম্যাথিয়াস রোজাস দলকে এগিয়ে দেন। তবে এরপরেই নটাকীয়ভাবে ম্যাচে ফেরে আটলান্টা। ১৯ ও ২১ মিনিটে জালাম থিয়ারের জোড়া লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। এরপর ৬৫ মিনিটে হেড থেকে গোল করে ইন্তার মায়ামিকে সমতায় ফেরান লায়োনেল মেসি (২-২)। এই পর্বে মনে হচ্ছিল, শেষ হাসি হাসবে তাতা মার্তিনোর টিমই। কিন্তু অ্যাওয়ে দলের গোলরক্ষকের দুরন্ত কয়েকটি সেভ তাদের আশায় জল ঢেলে দেয়। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে বার্তোজ সিলজের গোলে জয় ছিনিয়ে নেয় আটলান্টা। এদিকে, ম্যাচের পর ৩৭ বছর বয়সি লায়োনেল মেসির ইন্তার মায়ামি ছাড়ার জল্পনা উস্কে দিয়েছেন দলের কোচ তাতা মার্তিনো। তিনি বলেন, ‘আমি জানি না, এমএলএসে মেসি আর কতদিন খেলবে। তবে এটা একান্তই ওর সিদ্ধান্ত। আমার কিছু মন্তব্য করা উচিত নয়।’
সম্পর্কিত সংবাদ