Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপেকে ছাড়াই আজ নামছে ফ্রান্স

এমবাপেকে ছাড়াই আজ নামছে ফ্রান্স
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
প্যারিস: কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে ঝামেলার জেরে জাতীয় দলে জায়গা খুইয়েছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ জয়ী তারকা অ্যাটাকারকে ছাড়াই বৃহস্পতিবার উয়েফা নেশনল লিগে নামছে ফ্রান্স। ঘরের মাঠে দেশঁ ব্রিগেডের প্রতিপক্ষ ইজরায়েল। উল্লেখ্য, চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’তে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ইজরায়েলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসি ব্রিগেড। বৃহস্পতিবার ঘরের মাঠে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাদের। ইতিমধ্যে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আঁতোয়া গ্রিজম্যান। পাশাপাশি এমবাপে না থাকায় ইজরায়েলের বিরুদ্ধে আপফ্রন্টে কোচ দেশঁর ভরসা হতে চলেছেন কোলো মুয়ানি, ডেম্বেলে ও এনকুকু।
Advertisement
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইতালির বিরুদ্ধে লড়াইয়ে নামছে বেলজিয়াম। চলতি নেশনস লিগে দারুণ ছন্দে রয়েছে আজ্জুরিরা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে লুসিয়ানো স্পালেত্তির ছেলেরা। পক্ষান্তরে, বেলজিয়ামের ঝুলিতে মাত্র চার পয়েন্ট। তবে প্রথম লেগে ইতালির বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াইয়ে ফেরেন কেভিন ডি ব্রুইনরা। ঘরের মাঠেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ‘দ্য রেড ডেভিলস’ ব্রিগেডের।
বৃহস্পতিবার নেশনস লিগে নামছে ইংল্যান্ডও। অ্যাওয়ে ম্যাচে হ্যারি কেনদের প্রতিপক্ষ গ্রিস। উল্লেখ্য, এই ম্যাচের পরই ইংল্যান্ড কোচ হিসেবে সরকারি ভাবে দায়িত্ব নেবেন টমাস টুচেল। তার আগে জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাদের। প্রথম লেগে ঘরের মাঠে গ্রিসের কাছে ১-২ ব্যবধানে বশ মেনেছিল ইংল্যান্ড। ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে মরিয়া থ্রি লায়ন্স ব্রিগেড।
সম্পর্কিত সংবাদ