Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এম আর বাঙ্গুরে চিকি‌ৎসককে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ২

এম আর বাঙ্গুরে চিকি‌ৎসককে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ২
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা করাতে গিয়ে কর্তব্যরত ডাক্তারের উপর চড়াও হলেন দুই মদ্যপ যুবক। মঙ্গলবার গভীর রাতে এম আর বাঙ্গুর হাসপাতালের ইমার্জেন্সিতে ঘটনাটি ঘটে। ওই দুইজনকেই গ্রেপ্তার করেছে গল্ফগ্রিন থানার পুলিস। লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার রাতে অভিযুক্ত দুই বন্ধু মিলে দেদার মদ্যপান করছিলেন। তাঁরা চারু মার্কেট থানা এলাকার বাসিন্দা। মদ্যপান চলাকালীন তাঁদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বিবাদ বাঁধে। মদের বোতল নিয়েই একে অপরকে মারধর করেন তাঁরা। কাঁচের টুকরো হাতে বিঁধে যায় দু’জনেরই। এরপরে একইসঙ্গে দু’জন হাজির হন এম আর বাঙ্গুর মেডিক্যাল কলেজে।
Advertisement
হাসপাতাল সূত্রে খবর, সেই সময়ে ইমার্জেন্সি বিভাগে পর্যাপ্ত সংখ্যাতেই চিকিৎসক ছিলেন। চারজন সিনিয়র চিকিৎসক ও চারজন জুনিয়র চিকিৎসক ছিলেন সেখানে। তাঁরা আহত দুই যুবকের প্রাথমিক শুশ্রুষা করতে যান। তখনই বচসার শুরু। অভিযোগ, মদ্যপ দুই যুবক বলেন, কেন আমাদের অজ্ঞান না করে ক্ষত ড্রেসিং করা হচ্ছে? জবাবে চিকিৎসকরা জানান, ক্ষত  ড্রেসিং করার জন্য তো অজ্ঞান করার প্রয়োজন হয় না। এমনই অদ্ভুত প্রশ্ন তুলে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। তখন এম আর বাঙ্গুর হাসপাতালের আউটপোস্টের সঙ্গে যোগাযোগ করেন চিকিৎসকরা। ঘটনাস্থলে এসে দুই যুবককে সরিয়ে দেয় পুলিস।
তবে সেখানেই ঘটনার শেষ নয়। এলাকায় ফিরে গিয়ে পাড়ার বন্ধুদের সঙ্গে নিয়ে ফের এম আর বাঙ্গুর হাসপাতালে আসেন দু’জনে। এবার প্রায় ৫০ জন ছেলে ইমার্জেন্সির বাইরে হল্লা বাঁধান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসপাতালের আউট পোস্ট ও গল্ফগ্রিন থানার পুলিস। ঘটনাস্থল থেকেই গণ্ডগোল পাকানো দুই মদ্যপ যুবককে পাকড়াও করেন গল্ফ গ্রিন থানার অফিসাররা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ