সংবাদদাতা, বারুইপুর: দীর্ঘ দিন ধরেই লো ভোল্টেজ সমস্যায় জেরবার রায়দিঘির বিস্তীর্ণ এলাকা। এই সমস্যা নিয়ে এলাকার মানুষ স্থানীয় বিধায়ক অলোক জলদাতার কাছে দরবার করেছিলেন। অবশেষে বিধায়কের উদ্যোগে বিষয়টির সমাধান হতে চলেছে। রায়দিঘির নন্দকুমারপুর ও কুমড়োপাড়া এলাকার মধ্যে ছাতুয়ায় বৈদ্যুতিক সাব স্টেশন নির্মিত হতে চলেছে। ইতিমধ্যেই চিহ্নিত জমি পরিদর্শনও করেছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে বিধায়ক অলোক জলদাতা বলেন, লো ভোল্টেজ সমস্যা নিয়ে মানুষ দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। নতুন সাব স্টেশনের জন্য বিদ্যুৎ দপ্তরকে আর্জি জানানো হয়েছিল। অবশেষে তা হতে চলেছে। দ্রুত কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
জানা গিয়েছে, আনুমানিক ৩ বিঘা জমির উপর সাব স্টেশন নির্মিত হবে। ৩৩/১১ কেভি সাব স্টেশন নির্মিত হবে। আগে রায়দিঘিতে বিদ্যুৎ সরবরাহ হতো লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জ থেকে। দূরত্বের কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হতো। রায়দিঘির কুমড়োপাড়া, নন্দকুমারপুর, কঙ্কনদিঘি, নগেন্দ্রপুর এলাকার মানুষজন লো ভোল্টেজ ও লোডশেডিং সমস্যায় তিতিবিরক্ত। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর টিউব জ্বলে না। পাখা চালানো যায় না। গরমে অসুবিধায় পড়তে হয়। এর সঙ্গে রয়েছে লোডশেডিং। বাসিন্দারা জানান, রায়দিঘিতে নতুন সাব স্টেশনের দাবি দীর্ঘদিনের। বিধায়ক এই ব্যাপারে উদ্যোগ নেওয়ায় তাঁর প্রশংসা প্রাপ্য। তবে জমি ফেলে রাখলে হবে না। দ্রুত সাব স্টেশন তৈরি হোক।