সংবাদদাতা, বহরমপুর: আগাম ঘোষণা না করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে মেরামতির কাজ করায় ক্ষোভ বাড়ছে। বহরমপুর পুরসভা এবং পুরসভা সংলগ্ন এলাকায় দুর্গাপুজোর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে বিদ্যুৎ বন্টন দপ্তরের লাইন মেরামতির কাজ করছে গিয়েছে। কোথাও বিদ্যুতের দুর্বল তার পরিবর্তন করা হচ্ছে। কোথাও ট্রান্সফরমারের কাজ করা হচ্ছে। পাশাপাশি এলাকায় এলাকায় বিদ্যুৎ পরিবহনের খোলা তারের উপর বিপজ্জনকভাবে নুইয়ে থাকা গাছের ডাল কাটা হচ্ছে। আর তারজন্য সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা কিছুক্ষনের জন্য বিচ্ছিন্ন রাখা হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিদুৎ বন্টন দপ্তর পুজোর কথা ভেবে পরিবহন লাইনের কাজ করছে ঠিকই কিন্তু তারজন্য মাইকিং করে আগাম সূচনা দেওয়া উচিত। তাহলে মানুষ আগাম প্রস্তুতি নিতে পারে। বিদ্যুৎ বন্টন দপ্তরের এক আধিকারিক বলেন, লাইন মেরামত বা গাছের ডাল কাটার কাজ সকালের দিকেই করা হচ্ছে। তখন গরমও কম থাকে। এরজন্য বড়জোড় দু’ঘন্টা পরিষেবা ব্যহত হচ্ছে। পুজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পেতে এটুকু অসুবিধা গ্রাহকদের মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বন্টন দপ্তর।
দুর্গাপুজোয় বিদ্যুতের চাহিদা অনেক বাড়ে। চাহিদা বাড়ায় ট্রান্সফরমার ও পরিবহন লাইনের উপর লোডও অত্যধিক মাত্রায় বাড়ে। বহু জায়গায় পরিবহন লাইনের পাশে পুজো কমিটি তোরণ বাঁধে। কোথাও গাছের ডালপালা লাইনের তারের উপর ঝুঁকে পড়ে রয়েছে। ঝড় বৃষ্টি হলেই এইসব জায়গায় বিপদের সম্ভাবনা বাড়ে। অনেক জায়গায় তার দুর্বল হয়ে থাকায় লোড নিতে না পারায় সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বার হতে থাকে। তার থেকে আগুন লাগার সম্ভাবনাও থাকে। ফলে বিপদজ্জনক জায়গাগুলির উপর বিদ্যুৎ বন্টন দপ্তরের নজর থাকে। পুজোর আগে সেইসব বিপজ্জনক অংশের মেরামতি শুরু হয়েছে। বহরমপুর শহর ও শহর সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পরিবহন দপ্তরের কর্মীরা দিন কয়েক ধরে কাজ করছেন।
গত দু’দিন থেকে বহরমপুর পুরসভা লাগোয়া ভাকুড়ি-১ পঞ্চায়েতের সুতির মাঠে বিদুৎ লাইনের কাজ চলছে। এরজন্য মঙ্গলবার সকাল ১১টা থেকে দু’দফায় প্রায় তিন ঘন্টা সুতির মাঠ দক্ষিণ ও পশ্চিমের বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দা সুধীর সরকার বলেন, বিদ্যুৎ বন্ধ থাকবে আগাম জানা থাকলে জলের ট্যাঙ্ক ভর্তি করে রাখতাম। একদিকে গরম পাশাপাশি জলকষ্ট। আগাম খবর দিয়ে সকালে কাজ করলে অসুবিধা হবেনা। ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসূন বিশ্বাস বলেন, ক্ষুব্ধ বাসিন্দাদের বুঝিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আমরা সাহায্য করছি।