Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট আগামী ১৬ অক্টোবর

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির আরো একজন সাংসদ বাড়তে চলেছে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ রুক্মিনী মল্লিক (যাকে সবাই অভিনেত্রী কোয়েল নামেই চেনে) গত ১৬ জুলাই ইস্তফা দিয়েছেন।

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট আগামী ১৬ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির আরো একজন সাংসদ বাড়তে চলেছে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ রুক্মিনী মল্লিক (যাকে সবাই অভিনেত্রী কোয়েল নামেই চেনে) গত ১৬ জুলাই ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসেবে শপথ নিলেও একদিনও কোনো অধিবেশনে যোগ না দিয়েই ইস্তফা দিয়েছেন। তাঁর সেই আসনে ভোট ঘোষণা করে দিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর ভোট। মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। এই আসনে যে জিতবে, রাজ্যসভায় তাঁর মেয়াদ হবে আগামী ২০৩২ সালের ২ এপ্রিল পর্যন্ত। 

Advertisement

পশ্চিমবঙ্গে বিজেপির যে বিধায়ক সংখ্যা, তার বিচারে কোয়েলের ছেড়ে যাওয়া আসনটি অন্য কোনো দলের পক্ষে জেতা অসম্ভব। জিতবে বিজেপিই। তবে সেটি ফের বিজেপির টিকিটে কোয়েলই কি না, তা কৌতুহলের বিষয়। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক তৃণমূল থেকে ইস্তফা দিয়ে ফের বিজেপির টিকিকে রাজ্যসভার সাংসদ হয়েছেন। এক্ষেত্রে কি একই হবে? নাকি অন্য কাউকে পাঠাবে বিজেপি? সেটাই দেখার। রাজ্যসভায় এখন বাংলা থেকে বিজেপি সাংসদের সংখ্যা ছ’জন। 
 পাশাপাশি উত্তরপ্রদেশের ১০ টি এবং উত্তরাখণ্ডের একটি আসনেও রাজ্যসভার ভোট ঘোষণা হয়েছে। আগামী ২৫ নভেম্বর তাঁদের মেয়াদ শেষ। তাই ওই আসনের ভোট হবে আগামী ১৬ অক্টোবর। এই পর্বে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর মেয়াদ শেষ হচ্ছে। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের পুত্র নীরজ শেখরের মেয়াদও শেষ। বিজেপির আরও পাঁচ সাংসদ ব্রিজলাল, অরুণ সিং, গীতা চন্দ্রপ্রভা, বি এল ভার্মা, সীমার মেয়াদ শেষ হচ্ছে।  দীনেশ শর্মাকে আন্দমান নিকোবরের উপরাজ্যপাল করায় তিনি গত ১১ সেপ্টেম্বর ইস্তফা দিয়েছেন। সেই ফাঁকা আসনে ভোট। সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির রামজি’রও মেয়াদ শেষ হচ্ছে। উত্তরাখণ্ডের বিজেপি সাংসদ নরেশ বনসলেরও মেয়াদ শেষ নভেম্বরে। উল্লেখ্য, রামজির মেয়াদ শেষ হওয়ায় একসময়ের দাপুটে নেত্রী উত্তরপ্রদেশের ‘বহেনজি’ মায়াবতীর দলের আর কোনো সাংসদ আর রইল না সংসদে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ