নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামী দীর্ঘদিন ধরেই অসুস্থ। সম্প্রতি পেটের নানা সমস্যায় ভুগছিলেন গৃহকর্ত্রী। পারিবারিক চিকিৎসকের পরামর্শে রক্ত ও মূত্র পরীক্ষা করান তিনি। বুধবার রাতে রিপোর্ট এসে পৌঁছয় বাড়িতে। দেখা যায়, কিডনির গুরুতর সমস্যায় ভুগছেন গৃহকর্ত্রী। সেই অবসাদ থেকেই বৃহস্পতিবার সকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন ৭২ বছরের বৃদ্ধা। প্রতিবেশীরা বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পর্ণশ্রী থানা এলাকার পারুই দাসপাড়া রোডে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সর্বাণী পাল (৭২)। পুলিস বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকা বৃদ্ধার আর্তনাদ শুনতে পাওয়া যায়। বাড়ির সদর দরজা তখনও খোলা হয়নি। সেই সময় একতলার ঘরে ছিলেন বৃদ্ধার অশীতিপর স্বামী। প্রায় শয্যাশায়ী তিনি। বাইরে থেকেই স্থানীয়রা দেখতে পান, দোতলা থেকে নেমে আসছে আগুনের পিণ্ড। জ্বলন্ত অবস্থায় গৃহকর্ত্রীর আর্তি— ‘বাঁচাও! বাঁচাও!’ চিৎকার করতে করতে বাড়ির সিঁড়িতেই পড়ে যান সর্বাণী দেবী। সেখানেই একটি বড় জানালা রয়েছে। ভয়াবহ পরিস্থিতি দেখে বাইরে থেকেই জল দিতে শুরু করেন স্থানীয়রা। ততক্ষণে শরীরে একাধিক অংশ ঝলসে যায় তাঁর। জামাকাপড়ের সঙ্গে পোড়া চামড়া জড়িয়ে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা জল দিয়ে আগুন নেভান। এরপর স্থানীয়রাই পর্ণশ্রী থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। বৃদ্ধার ঘর থেকে দু’পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস। সেখানে তিনি স্বামীকে উদ্দেশ করে লিখেছেন— ‘আমার শরীরটা খুব খারাপ। দেখার মতো কেউ নেই। কিডনির রোগ ধরা পড়েছে। তাই এই পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এক প্রতিবেশী জানান, স্বামীর অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন বৃদ্ধা। তার মধ্যে নিজের অসুখের খবর পেয়ে মাথা ঠান্ডা রাখতে পারেনি। সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে বসলেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রী থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। মৃতের ঘর থেকে একটি কেরোসিনের জার উদ্ধার হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। আজ, ঘটনাস্থল পরিদর্শন করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা। -নিজস্ব চিত্র