নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গার্ডওয়াল বিহীন সেতু থেকে নীচে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় আরামবাগে উত্তেজনা ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুশান্ত ছাতিং(৫৩)। তাঁর বাড়ি আরামবাগ থানার বলাইচক গ্রামে। তিনি পেশায় প্যান্ডেল বাঁধার কাজ করতেন। শনিবার রাতে আরামবাগের চুনাইট এলাকায় ওই সেতু পেরনোর সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে রবিবার স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তিনি সাইকেল চালিয়ে আসছিলেন। চুনাইট এলাকায় অরোরা খালে গার্ডওয়ালবিহীন সেতু রয়েছে। সেটি অসুরক্ষিত। সেখান দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় অসাবধানবশত নীচে পড়ে গিয়ে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হয়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রবিবার আরামবাগ মেডিক্যালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। এদিন বিকেলে মৃতদেহবাহী গাড়ি দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। তার জেরে মায়াপুর গড়েরঘাট রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধের খবর পেয়ে আরামবাগ থানার পুলিস সেখানে যায়। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
স্থানীয় আরান্ডি-১ পঞ্চায়েতের প্রধান তেকদিরা খাতুন বলেন, ওই সেতুতে রেলিং লাগানোর জন্য ইতিমধ্যেই আমরা প্রশাসনকে আবেদন জানিয়েছি। অনুমোদন মিললেই কাজ শুরু হবে। এই মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক।