সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের শুকদেবপুরে বাড়ি থেকে চা খেতে বেরিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নারায়ণ মণ্ডল (৬২)। বাড়ি গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে নারায়ণ বেরিয়েছিলেন পাড়ার মোড়ে চা খেতে। গঙ্গারামপুরের শুকদেবপুর মোড়ের কাছে একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় গ্রামীণ সড়কের উপর পড়ে যান বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জখম বৃদ্ধকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুরের শুকদেবপুর ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গঙ্গারামপুর থানা মৃতের পরিবারের তরফে অভিযোগ নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, উত্তেজিত জনতা গঙ্গারামপুর-শুকদেবপুর গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ট্রাক্টরটি আটক করা হয়। তবে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালক। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মাটি বোঝাই ট্রাক্টরটি থানায় নিয়ে আসে পুলিস।



