বৃদ্ধের কব্জি কেটে নৃশংস খুন, চণ্ডীতলা থেকে গ্রেপ্তার যুবক
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আরামবাগ: জঙ্গলের মধ্যে হাতের কব্জি কেটে বৃদ্ধকে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম শেখ সাহিদ। বাড়ি হুগলির চণ্ডীতলা থানার কৃষ্ণপুরে। বৃহস্পতিবার রাতে তাকে চণ্ডীতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আরামবাগে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, যে বাড়ি থেকে বৃদ্ধর কাটা কব্জি উদ্ধার হয়েছিল, তাদেরই আত্মীয় সাহিদ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং কী কারণে খুন করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। 

Advertisement

প্রসঙ্গত, গত ২৩ জুন আরামবাগের চাঁদুর ফরেস্ট সংলগ্ন দৌলতপুর শ্রীপল্লির বাসিন্দা মনসারাম বাগ(৬৯) জঙ্গলে গোরু আনতে গিয়ে আর বাড়ি ফেরেননি। জঙ্গলে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল। এমনকি, তাঁর ডান হাতের কব্জি পর্যন্ত কেটে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। খুনির গ্রেপ্তার ও ফরেস্টে নিরাপত্তার দাবিতে ফরেস্ট আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি চালায়। ফরেনসিক বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেন। তার কয়েকদিন পর হুগলির চণ্ডীতলা থানা এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি থেকে একটি কাটা হাতের কব্জি উদ্ধার করে পুলিশ। ওই কাটা হাত ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়। পাশাপাশি তদন্ত চলছিল। সেই সূত্রেই পুলিশের জালে ধরা পড়ে শেখ সাহিদ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে আরামবাগ থানায় নিয়ে আসা হয়।