Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ মেয়ের ছবি গলায় ঝুলিয়ে সিউড়িতে জনতার দরবারে বৃদ্ধ পিতা

গলায় নিখোঁজ মেয়ের ছবি ও নাম লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে সিউড়ির বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবার’-এ হাজির বৃদ্ধ বাবা। গত ১৩ মার্চ থেকে নিখোঁজ তাঁর বছর চব্বিশের মেয়ে অমৃতা সিনহা।

নিখোঁজ মেয়ের ছবি গলায় ঝুলিয়ে সিউড়িতে জনতার দরবারে বৃদ্ধ পিতা
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গলায় নিখোঁজ মেয়ের ছবি ও নাম লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে সিউড়ির বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবার’-এ হাজির বৃদ্ধ বাবা। গত ১৩ মার্চ থেকে নিখোঁজ তাঁর বছর চব্বিশের মেয়ে অমৃতা সিনহা। তাঁকে খুঁজে দেওয়ার আরজি নিয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যান বৃদ্ধ অর্ধেন্দু সিনহা।

Advertisement

বৃহস্পতিবার সকালে সিউড়ি শহরের বিজেপি কার্যালয়ে বসেছিল জনতার দরবার, সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার কর্মসূচি। বাড়ি থেকে সাইকেলে চেপে দরবারে আসেন জগন্নাথবাবু। সেখানে এলাকার বহু মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা জানাতে ভিড় করেছিলেন। তাঁদেরই একজন সিউড়ির ডাঙ্গালপাড়ার অর্ধেন্দুবাবু। মেয়ের সন্ধানে গতি আনতে বিধায়কের দ্বারস্থ হন তিনি। 
অর্ধেন্দুবাবুর সঙ্গে কথা বলে জগন্নাথবাবু বলেন, ‘আমাদের সম্যক ধারণা রয়েছে গোটা বিষয়টি সম্পর্কে। আমিও জেলা পুলিশ সুপার এবং সিআইডির মিসিং স্কোয়াডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সিআইডি খুঁজছে। কিন্তু সমস্যা একটাই, কোনো ক্লু নেই। যেমন কোনো মোবাইল ফোন, এটিএম কার্ড বা পরিচয়পত্র ওঁর সঙ্গে ছিল না বলে দাবি করছেন ওঁর বাবা।’ তবে পুলিশি তদন্তের ওপর আস্থা রেখে তিনি যোগ করেন, ‘আমি আশাবাদী, সময় একটু বেশি লাগলেও ওঁর মেয়ে কোথায় রয়েছেন, কী ভাবে রয়েছেন, তার খোঁজ পাওয়া যাবে।’ মন্ত্রীর আশ্বাসে ভরসা রাখছেন প্রবীণ পিতা। সাক্ষাৎ শেষে অর্ধেন্দুবাবু বলেন, ‘এত কিছুর পরেও মেয়েকে খুঁজে পাচ্ছি না। কী করব বুঝতেও পারছি না। তাই সিউড়ির বিধায়কের দরবারে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন, একটু ধৈর্য রাখতে বলেছেন। এ-ও বলেছেন, সময় লাগলেও পুলিশ আমার মেয়েকে খুঁজে বার করবে।’
প্রসঙ্গত, গত ১৩ মার্চ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অমৃতা। সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করার পর থেকে দীর্ঘদিন কেটে গেলেও মেয়ের সন্ধান মেলেনি। নিরুপায় বাবা মেয়ের ছবি বুকে ঝুলিয়ে রাস্তায় নামেন খোঁজ করতে। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কখনও গোটা বীরভূম চষে বেড়াচ্ছেন, কখনও কোনো অজ্ঞাতপরিচয় ফোনের সূত্র ধরে ছুটে গিয়েছেন কলকাতা বা আসানসোলে। সিউড়ি থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশি তদন্তের পাশাপাশি এবার সিআইডি এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেরও সাহায্য নেওয়া হচ্ছে। নিখোঁজ তরুণীর ছবি, শারীরিক বর্ণনা ও জন্মদাগ সহ যাবতীয় তথ্য সিআইডির বিশেষ বুলেটিন ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট’ (সিআইজি)-এ আপলোড করা হয়েছে, যাতে ভিনরাজ্যের গোয়েন্দাদের কাছেও এই তথ্য পৌঁছে যায় এবং দ্রুত অমৃতার সন্ধান মেলে।  সিউড়িতে বিজেপি কার্যালয়ে জনতার দরবারে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ