সংবাদদাতা, ময়নাগুড়ি: ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হল দাদা। লোহার রড ও বাটাম দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় আক্রান্ত যুবকের বাবা মঙ্গল দাস শুক্রবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে গৌতম দাসের ভাই উত্তম দাসকে মারধর করে তার প্রতিবেশী তিনজন। চোখে বালি দিয়ে দেওয়া হয়। ভাইয়ের কাছে এই ঘটনা শুনে সকালে অভিযুক্তদের বাড়ির সামনে প্রতিবাদ করতে গিয়েছিল গৌতম। সেই সময় তিনজন মিলে তাঁকে আক্রমণ করে। প্রতিবেশী এক বৃদ্ধা এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে। গৌতম দাসের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে। নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত যুবক গৌতম দাসের মাথায় ছয়টি সেলাই পড়েছে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে পিঠ। কান্নায় ভেঙে পড়েছে তার বাবা। এদিকে এই ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিস।