নিজস্ব প্রতিনিধি, বরানগর: হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন দুই মহিলা। বুধবার রাতে সাড়ে ন’টা নাগাদ সোদপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, রেল লাইন টপকে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন ওই দুই মহিলা। সেই সময় দ্রুতগতিতে আসা হাটেবাজারে এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ছিন্নভিন্ন হয়ে যায় দুজনের দেহ। এক মহিলার দেহ ইঞ্জিনের কাউ ক্যাচারে আটকে যায়। নৈহাটি স্টেশনে ট্রেন থামলে ওই দেহ উদ্ধার হয়। রেল পুলিস সূত্রে খবর, একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তা থেকে দুজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
Advertisement
অন্যদিকে, মঙ্গলবার রাতে বেলঘড়িয়ার ৪ নম্বর রেলগেটের কাছে কামারহাটি পুরসভার প্রাক্তন সিপিএমের কাউন্সিলার অমিত পালের (৫৫) দেহ উদ্ধার হয়। রেল পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ আপ শিয়ালদহ-বারাকপুর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। ঘটনা আত্মহত্যা না কেউ ধাক্কা দিয়েছে? নাকি দুর্ঘটনা, সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।



