নিজস্ব প্রতিনিধি, বরানগর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবতীর। রবিবার বিকেলে এই দুর্ঘটনায় ওই যুবতীর বোনও গুরুতর জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতার নাম সম্প্রীতি ঘোষ (২৬)। তাঁর বাড়ি বারাকপুর ২ নম্বর ওয়ার্ডের নিরঞ্জননগর কলোনিতে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দুই বোন বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাসুদেবপুর থানার অদূরে মথুরাপুর এলাকায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার সময় পিছন থেকে আসা গাড়ির ধাক্কায় তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বড় বোন সম্প্রীতিকে মৃত বলে ঘোষণা করেন। ছোট বোন শ্রুতিকে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় কাউন্সিলার সম্রাট তফাদার বলেন, এই ঘটনায় আমরা মর্মাহত। জখম যুবতীর চিকিৎসার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দুই যুবতী হেলমেট ছাড়াই বাইক নিয়ে বেরিয়েছিলেন। হেলমেট থাকলে হয়তো মৃত্যু এড়ানো যেত।



