নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের মেট্রো রুটগুলিতে ইতিমধ্যেই চালু হয়েছে কিউ আর কোড ভিত্তিক কাগুজে টিকিট। কিন্তু এতদিন একবারে শুধুমাত্র একটি কাগজের টিকিট কাটতে পারতেন যাত্রীরা। একের বেশি টিকিট কাটতে গেলে আলাদা আলাদা কাগজের টিকিট কাটতে হতো। এক্ষেত্রে সময় বেশি লাগত। অযথা জটিলতা তৈরি হতো। আজ শুক্রবার থেকে কারিগরি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে চলেছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর চারটি রুটে আজ থেকে একটি লেনদেনে সর্বোচ্চ ৭টি পেপার বেসড কিউ আর কোড টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শুধুমাত্র জোকা থেকে মাঝেরহাট লাইনের যাত্রীরা কাগুজে টিকিটের নবতম এই পরিষেবা পাবেন না। মেট্রো কর্তাদের দাবি, খুব শীঘ্রই এই লাইনেও নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে।



