Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

একজনের মিউটেশন অন্যের নামে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

একজনের মিউটেশন অন্যের নামে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পত্তি (বাড়ি) একজনের। সেই সম্পত্তির মিউটেশন হয়েছে আরেকজনের নামে! শুক্রবার এমনই অবাক করা ঘটনা সামনে এসেছে শিয়ালদহ বৈঠকখানা অঞ্চলে। ওই বাড়ির মালিক এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে এই অভিযোগ জানান। বিষয়টি নিয়ে সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে অভিযোগকারীকে যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় এসে দেখা করার কথা বলেছেন তিনি। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে পুরসভার অন্দরে। জানা গিয়েছে, ৪৯ নম্বর ওয়ার্ডের বৈঠকখানা অঞ্চলের বাসিন্দা শুভাশিস মুখোপাধ্যায় এদিন মেয়রকে ফোন করেন। তিনি ৪, রাজচন্দ্র সেন লেনের বাসিন্দা। তাঁর দাবি, বাড়ির দলিল, নথিপত্র সবকিছু তাঁদের নামেই রয়েছে। কিন্তু সম্প্রতি তিনি জানতে পেরেছেন, ওই বাড়িটি জনৈক দুলাল বন্দ্যোপাধ্যায়ের নামে মিউটেশন হয়েছে। সেটা কীভাবে সম্ভব? জানা যায়, এ বিষয়ে আগে থেকেই অভিযোগ রয়েছে। সেই অভিযোগের শুনানি চলছে। অভিযোগকারীকে আগামী সপ্তাহে সমস্ত কাগজপত্র নিয়ে বিভাগীয় কর্তার সঙ্গে দেখা করতে বলেছেন মেয়র। অভিযোগকারী জানান, যে নামে মিউটেশন হয়েছে, তেমন কোনও ব্যক্তিকে তিনি চেনেনও না। তাহলে কীভাবে এমন ঘটনা ঘটল? আপাতদৃষ্টিতে মনে হতে পারে সার্ভারে ভুলবশত কোনও নাম তোলা হয়েছে। তবে সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের এক কর্তা বলেন, ‘বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, ততটা নয়। সম্ভবত অভিযোগকারীর সই বা নথিপত্র জাল করে অন্য কেউ ভিন্ন নামে মিউটেশন করিয়েছে। সেটা তদন্ত করে দেখা হচ্ছে। শুনানিতে আসল তথ্য সামনে আসবে। তারপর নতুন করে মিউটেশন করে দেওয়া হবে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ