Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একই বাইকে ২টি আলাদা নম্বর প্লেট, গ্রেপ্তার যুবক

একই বাইকে ২টি আলাদা নম্বর প্লেট, গ্রেপ্তার যুবক
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোটর বাইকের সামনে ও পিছনে দু’টি প্লেটে ছিল ভিন্ন নম্বর। সেই বাইক নিয়ে মঙ্গলবার ভিক্টোরিয়া চত্বরের বাইরে ক্রমাগত ‘চক্কর’ কাটছিলেন এক যুবক। টহলরত পুলিস ওই বাইকে দু’টি আলাদা নম্বর দেখে ধাওয়া করে ওই যুবককে আটক করে। নম্বর প্লেট নিয়ে প্রশ্ন করলে তিনি পালানোর চেষ্টা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করে হেস্টিংস থানার হাতে তুলে দেন ওই পুলিসকর্মী। বাজেয়াপ্ত করা হয় বাইকটি। পুলিসি জেরায় তিনি একেক সময় একেক কথা বলায় সন্দেহ বাড়ে। এ নিয়ে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানা। বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগকে। বুধবার ওই যুবককে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট চন্দ্রানী চক্রবর্তী ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী রাধানাথ রং ধৃতের জামিনের বিরোধিতা করে বলেন, অভিযুক্ত যুবক কেন দু’টি আলাদা নম্বর প্লেট লাগানো বাইক নিয়ে ঘুরছিলেন, পুলিস তা তদন্ত করে দেখছে। ওই যুবকের অসৎ কোনও উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। এদিন অভিযুক্তের আইনজীবী যে কোনও শর্তে জামিনের আর্জি জানান। যদিও বিচারক সেই আবেদন বাতিল করে দেন।
Advertisement
সম্প্রতি বীরভূমের জেলা জজের গাড়ির নম্বর দিয়ে ভুয়ো প্লেট বানিয়ে শহরে অ্যাপ ক্যাপ চালাচ্ছিলেন এক গাড়িচালক। আইন না মেনে চালানোর ফলে ওই গাড়ির বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়েছে। সেই টাকা গুণাগার দিতে হয়েছে গাড়ির মালিককে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই বাইকের সামনে ও পিছনে দু’টি ভিন্ন নম্বর থাকায় চালক গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে পুলিস মহলে শোরগোল পড়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ