নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র একদিনের ব্যবধান। তার জেরেই অবসরকালীন ভাতায় চার লক্ষ টাকার লোকসান হয়ে গেল। ২০২৪ সালের ৩১ মার্চ যাঁরা অবসর নিয়েছেন, সেই শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষা সহায়ক ও সম্প্রসারকরা এভাবেই আফশোস করছেন। কারণ, ১ এপ্রিল থেকে অবসর নেওয়া শিক্ষা সহায়ক ও সম্প্রসারকরা অবসরকালীন ভাতা হিসেবে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী একলপ্তে এই অবসরকালীন ভাতা বাড়িয়ে দিয়েছিলেন। তাই তৃণমূল শিক্ষা সেলের অন্তর্ভুক্ত ডব্লুবিটিপিএসএমএস-এর অধীনে থাকা অবসরপ্রাপ্ত এসএসকে-এমএসকে শিক্ষক সংগঠন মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সভাপতি নবকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা পিএফ, গ্র্যাচুইটি বা পেনশন কিছুই পাননি। তাই, মুখ্যমন্ত্রী যেন তাঁদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন। বুধবার কলেজ স্ট্রিটে এই দাবিতে কর্মসূচিও পালন করে এই সংগঠন। কিন্তু অবসরভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোথাও না কোথাও তো একটি কাট-অফ ডেট বা দিনের নির্দিষ্ট সীমা থাকবে। সেই যুক্তি মেনে নিয়েও তাঁদের বক্তব্য, এই চাকরি তাঁরা পেয়েছিলেন ৪০ বছরের উপরে। সাম্মানিক ছিল নামমাত্র। অবসরের পরে সঞ্চয় বলতে কিছুই নেই। সেই কারণেই তাঁদের এই আবেদন।



